শাহজাহান 'আতঙ্ক' কাটিয়ে অবশেষে ঘরে ফেরা। তৃণমূল পরাজিত হতেই ১০ বছর পর ভিটেয় ফিরল সন্দেশখালির ২০০ পরিবার। অভিযোগ, শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের অত্যাচারে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁদের। কিন্তু বিজেপি ক্ষমতা...
শাহজাহান 'আতঙ্ক' কাটিয়ে অবশেষে ঘরে ফেরা। তৃণমূল পরাজিত হতেই ১০ বছর পর ভিটেয় ফিরল সন্দেশখালির ২০০ পরিবার। অভিযোগ, শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের অত্যাচারে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁদের। কিন্তু বিজেপি ক্ষমতায় আসায় মনে বল পেয়েছেন গ্রামবাসীরা। তাই এক দশক পর আতঙ্ক কাটিয়ে বাড়ি ফিরেছেন।
জানা যাচ্ছে, বুধবার খাস শাকদা এলাকায় বিজেপি কর্মীদের সহযোগিতায় ঘরে ফিরেছেন ২০০টি পরিবার। যাঁরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও শাহজাহান অনুগামীদের সশস্ত্র বাহিনীর ভয়ে ২০১৬ সালে ভিটে ছাড়া হয়েছিলেন। কিন্তু ৪ তারিখ থেকে হাওয়া বদল হয়েছে। রাজ্যবাসীর বিপুল সমর্থনে ২০০-র বেশি আসন পেয়েছে বিজেপি। গেরুয়া ঝরে কার্যত ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
এই অবস্থায় ঘরে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। অভিযোগকারীদের কথায়, তাঁদের হাত ধরেই তৃণমূলের ঘাঁটি তৈরি হয়েছিল এলাকায়। কিন্তু ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় অত্যাচার। অন্য দল থেকে শাহজাহানের মত লোকেরা তৃণমূলে এসে ভিড় জমায়। আর তারপর থেকেই দলের পুরনোদের বঞ্চিত করা হয়। রীতিমত ধমকে-চমকে রাখা হয় তাঁদের। ২০১৬-তে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করলে বাধ্য হয়েই এলাকা ছাড়তে হয় গ্রামবাসীদের একাংশকে। এমতাবস্থায় তৃণমূলের পরাজয় এবং বিজেপির উত্থানে বুকে বল পেয়েছেন ওই ২০০ পরিবার। তাই ১০ বছর পর আতঙ্ক কাটিয়ে ঘরে ফেরায় খুশি 'বঞ্চিত'রা।