অবৈধ ভোটারের নাম তুলে দেওয়া হবে SIR-এর চূড়ান্ত তালিকায়! তার বিনিময়ে ১০ হাজার টাকা 'তোলা' চাওয়ার অভিযোগ এলাকার দায়িত্বপ্রাপ্ত BLO-র বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অন্যদি...
অবৈধ ভোটারের নাম তুলে দেওয়া হবে SIR-এর চূড়ান্ত তালিকায়! তার বিনিময়ে ১০ হাজার টাকা 'তোলা' চাওয়ার অভিযোগ এলাকার দায়িত্বপ্রাপ্ত BLO-র বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওর কাছে অভিযোগ পত্র জমা করেছেন এলাকার প্রাক্তন বিধায়ক দুলাল চন্দ্র বর। শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনাও।
জানা যাচ্ছে, অভিযুক্ত BLO-র নাম চন্দ্রকান্ত মন্ডল। বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপারা ১২০ নম্বর বুথের বাসিন্দা তিনি। পেশায় বয়রা ঝাউখালি প্রাইমারি স্কুলের শিক্ষক। সম্প্রতি তাঁর বিরুদ্ধেই অবৈধভাবে SIR প্রক্রিয়ায় নাম তোলার অভিযোগ উঠেছে। ১০ হাজার টাকার বিনিময়ে 'অবৈধ' ভোটারদের নাম তিনি চূড়ান্ত তালিকায় যুক্ত করবেন বলে আশ্বাসও দিয়েছেন। আর সেই অডিও রেকর্ড প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে এলাকায়।
জানা যাচ্ছে, সেই ভাইরাল কল রেকর্ডে ইসমাইল মন্ডল নামে এক স্থানীয় ব্যক্তির সঙ্গে অভিযুক্ত BLO-র মোবাইলে কথোপকথন হয়। সেখানে ইসমাইল মন্ডলের পরিবারের সদস্যদের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তুলে দেওয়ার পরিবর্তে মাথাপিছু ৫০ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন ওই অভিযুক্ত BLO। এমনকি ওই টাকার ভাগ ইআরও, এইআরও-দের মধ্যেই ভাগ হবে বলে চাঞ্চল্যকর দাবি করেন তিনি। এমনকি টাকা নিয়ে খানিক দর কষাকষিও করতে শোনা যায় ওই ভাইরাল কল রেকর্ডে। ইতিমধ্যেই ঘটনাটিকে কেন্দ্র করে সরব হয়েছে এলাকার বিজেপি নেতৃত্বরা।
গেরুয়া শিবিরের অভিযোগ, এভাবেই টাকার বিনিময়ে 'বাংলাদেশি মুসলিম অবৈধ'দের নাম তুলে দেওয়া হচ্ছে তালিকায়। বিজেপির বাগদা যুব মোর্চার সভাপতি দেবব্রত ঢালীর অভিযোগ, 'এইরকম হাজার হাজার বুথের বহু BLO অবৈধ প্রক্রিয়া অবলম্বন করছে। টাকার বিনিময়ে কাজ করছে।' নেপথ্যে তৃণমূলের মদত আছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
অন্যদিকে বিজেপির তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বাগদা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ ঘোষ। তাঁর দাবি, 'এইরকম কোন অভিযুক্ত আমাদের দলের সঙ্গে যুক্ত থাকতে পারে তা আমি বিশ্বাস করি না।' অন্যদিকে ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করছেন তিনি।