এবার সোনাগাছিতে এসআইআর নিয়ে বিশেষ ক্যাম্প। আজ, মঙ্গলবার সেই ক্যাম্প চালু হল। এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে সেই ক্যাম্পে হাজির হন সিইও মনোজ আগরওয়াল। সেখানকার মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে পাশে থাকার কথা...
এবার সোনাগাছিতে এসআইআর নিয়ে বিশেষ ক্যাম্প। আজ, মঙ্গলবার সেই ক্যাম্প চালু হল। এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে সেই ক্যাম্পে হাজির হন সিইও মনোজ আগরওয়াল। সেখানকার মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে পাশে থাকার কথা বলেন। এমনকি, কারোর নাম যাতে বাদ না পড়ে, সেই আশ্বাসও দেন তিনি।
যৌনকর্মীদের নিরাপত্তা ও স্বীকৃতি নিশ্চিত করতে তিনটি সংগঠন, সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন (SHDSA), ঊষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, এবং 'আমরা পদাতিক' রাজ্যের নির্বাচনী কর্মকর্তাকে চিঠি লিখেছিল। তাদের দাবি ছিল, যৌনকর্মীদের নথি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কমিশন বিশেষ নজর দিক।
এরপরই কার্যত নড়েচড়ে বসে রাজ্যের সিইও দফতর। বিশেষ ক্যাম্প করে ইআরও-কে সেখানে পাঠিয়ে যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা। ইআরও ক্যাম্পে বসে শুনবেন কাদের কী সমস্যা রয়েছে। সব কিছু বিচার-বিবেচনা করে যাতে তাঁদের ভোটার কার্ড হয়ে যায়, কমিশনের সঙ্গে কথা বলে তিনিই সেই সিদ্ধান্ত নেবেন।
যৌনকর্মীদের উদ্দেশ্যে মনোজ জানান, 'কোনও ভয় নেই। ওঁদের বাবা-মা না থাকলে আমাদের স্পেশ্যাল পাওয়ার আছে। ওটা দিয়েই নাম তুলব। স্পেশ্যাল অবজার্ভারের পাঁচজন আগামিকাল আসবেন। শুধু যৌনকর্মী নয়, অনাথ আশ্রমেও স্পেশ্যাল ক্যাম্প হবে। ১১ তারিখের মধ্যে ফর্ম তুলে নেব। ১৬ তারিখে খসড়া প্রকাশ হবে।'