তৃণমূল নেতার বাড়িতে আস্ত পুকুর। সেখান থেকে আবার উদ্ধার হল রাশি রাশি আগ্নেয়াস্ত্র। শনিবার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পুকুরে মাছের বদলে অস্ত্র উদ্ধার দেখতে ভিড় জমান স্থানীয়রাও। জা...
তৃণমূল নেতার বাড়িতে আস্ত পুকুর। সেখান থেকে আবার উদ্ধার হল রাশি রাশি আগ্নেয়াস্ত্র। শনিবার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পুকুরে মাছের বদলে অস্ত্র উদ্ধার দেখতে ভিড় জমান স্থানীয়রাও।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে সন্দেশখালির মণিপুরে দুই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালায় বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। অভিযুক্তদের মধ্যে একজনের নাম রবীন দাস ও অপরজন গোপাল দাস। দু'জন সম্পর্কে ভাই। তবে ঠিক কী উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।
অন্যদিকে স্থানীয় সূত্রে অভিযোগ, তৃণমূল জমানায় অভিযুক্ত রবীন ও গোপাল রীতিমত এলাকায় দাদাগিরি চালাত। তাদের আতঙ্কে আতঙ্কিত ছিল স্থানীয়রা। পাশাপাশি নানা অসামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিল দু'জন। এমনকি শেখ শাহাজাহানের প্রভাবকেও ব্যবহার করত তারা এলাকার পুরুষদের উপর চলত অত্যাচার-মারধর। এমতাবস্থায় অভিযুক্ত দুই ভাইয়ের বাড়িতে এসটিএফ হানায় স্বাভাবিক ভাবেই খুশি গ্রামবাসী।
অন্য়দিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এদিন এসটিএফ হানা নিয়ে তাঁর সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে বেঙ্গল এসটিএফের আধিকারিকদের প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, 'এদিন কুমরাখালির সরবেড়িয়া বাজার, বাসন্তী, সন্দেশখালিতে অভিযান চালান আধিকারিকরা। বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আমি আধিকারিকদের অ্যাকশনের প্রশংসা করি।'