‘স্বচ্ছ কবচ’। একদিকে স্বচ্ছতার অভিযান। অন্যদিকে, স্বচ্ছতার কাজে নিযুক্ত সাফাইকর্মীদের বিশেষ কিট ‘স্বচ্ছ কবচ’। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন পাইলট প্রকল্প হিসেবে ৫০ হাজার সাফাই কর...
‘স্বচ্ছ কবচ’। একদিকে স্বচ্ছতার অভিযান। অন্যদিকে, স্বচ্ছতার কাজে নিযুক্ত সাফাইকর্মীদের বিশেষ কিট ‘স্বচ্ছ কবচ’।
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন পাইলট প্রকল্প হিসেবে ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’ তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন। শহর থেকে মফস্বল, সর্বত্র পরিবেশকে স্বচ্ছ রাখার কাজ করেন যাঁরা, তাঁদের নিরাপত্তার কথা ভেবেই কবচ। প্রসঙ্গত, ভাগাড় থেকে শুরু করে নানা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কাজ করতে হয় সাফাই কর্মীদের। কখনও তাঁদের আঙুলের ছাল উঠে যায়, কখনও-বা জটিল চর্মরোগে আক্রান্ত হন তাঁরা। এবং, এই দুর্গন্ধময় পরিবেশ থেকে উঠে আসা ঝাঁঝাল গন্ধ ও গ্যাস তাঁদের ফুসফুসে পৌঁছয়। যা রোগবিসুখ ডেকে আনে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সাফাই কর্মীদের কথা ভেবেই তাঁদের জন্য একটি বিশেষ কিট-এর পরিকল্পনা করেছেন। যাতে কাজ করার সময়ে তাঁরা নিরাপদ থাকেন। এই কিটকে বলা হচ্ছে ‘স্বচ্ছ কবচ’। শুধু বাংলায় কেন, দেশের খুব কম রাজ্যেই সাফাই কর্মীদের কথা ভেবে এই ধরনের কিট চালু করা হয়েছে।
এছাড়া, প্লাস্টিকের ব্যবহারের রাশ টানছে রাজ্য সরকার। সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্য়াগ, অর্থাৎ, যা একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়, তা পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। এবং, বাজারে-বাজারে বিশেষ ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। যেখান থেকে অল্প দামে ক্রেতারা পাট বা কাগজের ব্যাগ কিনতে পারবেন।