ফার্মেসি ট্রেনিং নিতে আসা এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওই হাসপাতালেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যেই ...
ফার্মেসি ট্রেনিং নিতে আসা এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওই হাসপাতালেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্ত কর্মীকে পুলিস গ্রেফতার করেছে বলে খবর সূত্রের।
ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ সোমবার। পুলিস সূত্রে জানা গিয়েছে, ফার্মেসি নিয়ে ট্রেনিং নেওয়ার জন্য ওই ছাত্রী চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালের এক অস্থায়ী কর্মী তাঁকে সবার আড়ালে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। জানা যাচ্ছে অভিযুক্ত কর্মীর নাম রতন মালাকার, বাড়ি হাবরায়। দীর্ঘদিন ধরেই ওই হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। অভিযোগ, গতকাল ওই ছাত্রী শৌচালয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়েই তাঁর পথ আটকে ধরেন অভিযুক্ত। এমনকি তাঁকে অশ্লীল প্রস্তাব হয়েছিল বলেও থানায় অভিযোগ জানিয়েছেন ছাত্রী।
গতকাল এই ঘটনার পরেই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। ধৃতকে আজ, মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় ফের একবার সরকারি হাসপাতালে নারী নিরাপত্তাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।