দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুরে রেললাইন সংলগ্ন ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। আগুনের গ্রাসে পুড়ে ছাই ওভারহেড তার। শনিবার ঘটনার জেরে কার্যত স্তব্ধ বজবজ-শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল। বিধ্বংসী আগুনে প্রায় ৪০...
দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুরে রেললাইন সংলগ্ন ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। আগুনের গ্রাসে পুড়ে ছাই ওভারহেড তার। শনিবার ঘটনার জেরে কার্যত স্তব্ধ বজবজ-শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল। বিধ্বংসী আগুনে প্রায় ৪০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর সূত্রের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। শুরু হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি আগুন নেভানোর কাজ।
তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমাণ, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বস্তিতে। আর ঘিঞ্জি বস্তি হওয়ার কারণে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অন্যদিকে ওই এলাকার পাশেই রয়েছে বজবজ-শিয়ালদহ ট্রেন লাইন। অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। সঙ্গে ওভারহেড তার পুড়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে।
স্থানীয় সূত্রে খবর, দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে বস্তিতে। প্রথম স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে পরিস্থিতি জটিল হলে খবর দেওয়া হয় দমকলে। তবে ঘিঞ্জি এলাকায় ঢুকে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। অন্যদিকে পর পর ঝুপড়িতে আগুন লেগে যাওয়ায় সর্বস্ব হারানোর আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয়রা। পাশাপাশি পর পর সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে বলেও আতঙ্ক প্রকাশ করেছেন তাঁরা।