আরও অস্বস্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের তাঁর বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। অভিযোগকারী হলেন, ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী শ্রীমতি মৌ...
আরও অস্বস্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের তাঁর বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। অভিযোগকারী হলেন, ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী শ্রীমতি মৌসুমী দাস। সূত্রের খবর, একাধিক বিষয়ে অভিযোগ তুলে আজ, সোমবার অভিষেকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন মৌসুমী।
মৌসুমীর অভিযোগ, গত শনিবার আমতলায় অভিষেকের সাংসদ কার্যালয় ভাঙা হচ্ছিল, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। সাংবাদিকদের কাছে অভিষেকের অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। যা পরে ব্যাপক ভাইরাল হয়। এমতাবস্থায় সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হুমকির মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ, অভিষেকের অনুগামীরা কদর্য ভাষায় আক্রমণ করে তাঁকে। সেই কারণেই আজ সকালে থানায় গিয়ে পুলিসের দ্বারস্থ হন মৌসুমী।
এখানেই শেষ না। মহিলার আরও অভিযোগ, ২০১৮ সালে ২১ ডিসেম্বর তাঁর স্বামী অভিজিৎ দাসের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। এমনকি মেরে তাঁর দু'পাও ভেঙে দিয়েছিল দুষ্কৃতীরা। যা পুরোটাই তৎকালীন সরকারের নির্দেশে হয়েছিল বলে মনে করছেন মৌসুমী। এই পরিস্থিতি এই দুই অভিযোগকে সামনে রেখে পুলিসি নিরাপত্তার আবেদন জানিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ববি পত্নী মৌসুমী।