বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে রাজ্য জুড়ে। এবার কাটোয়ার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৮৮ নম্বর বুথের শ্রীপাড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ...
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে রাজ্য জুড়ে। এবার কাটোয়ার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৮৮ নম্বর বুথের শ্রীপাড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে থেকেই উত্তপ্ত এলাকা। তৃণমূল কর্মীদের দাবি, বিরোধীরা ভয় পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। যদিও শাসক দলের এই অভিযোগ খারিজ করেছে বিজেপি।
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বদরুল আলম মন্ডল জানিয়েছেন, শুক্রবার এই কেন্দ্রের প্রার্থী বসুন্ধরা গোস্বামী এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। তাঁর সেই প্রচারে প্রচুর জনসমাগম হয়েছিল। প্রচুর সাধারণ মানুষ তাঁকে সমর্থন জানিয়েছিল। আর তারপর থেকেই এলাকার বিজেপি কর্মীরা ভয়ে আছে বলে দাবি করেছেন বদরুল। সেই ভয় থেকেই তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, ওই এলাকায় SIR প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ পড়েছে। ফলে বিজেপির উপর ক্ষোভ জন্মেছে সাধারণ মানুষের। সেই কারণেই বিজেপি এই প্রতিহিংসামূলক আচরণ করছে বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে শাসক দলের যাবতীয় অভিযোগ খারিজ করেছে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়। তাঁর কথায়, 'কোনও দলের দলীয় পতাকা অসম্মান করা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি না। তৃণমূল বুঝে গেছে পূর্বস্থলীতে তাদের হার অনিবার্য। সেই কারণেই ওরা বিচ্ছিন্ন অশান্তি করার চেষ্টা করছে।'