অবৈধ বালি বোঝাই নৌকা উল্টে মৃত্যু দুই শ্রমিকের। পরে উল্টে যাওয়া নৌকার পাটাতন কেটে একটি মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে মৃত দেহ দ...
অবৈধ বালি বোঝাই নৌকা উল্টে মৃত্যু দুই শ্রমিকের। পরে উল্টে যাওয়া নৌকার পাটাতন কেটে একটি মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে মৃত দেহ দুটো উদ্ধার করে কেতুগ্রাম থানায় নিয়ে যায় পুলিস। তবে কীভাবে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর, কেতুগ্রাম থানার শাঁখাই গ্রামের পোস্ট অফিসের কাছাকাছি জায়গায় আজ ভোরে দুর্ঘটনাটি ঘটে। পরে নৌকো ভেসে যায় নদীয়ার কালীগঞ্জ থানা এলাকা পর্যন্ত। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁরা ওই গ্রামের স্থানীয় কিনা, তা জানতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। মৃতদেহ দুটি উদ্ধার করে সকালেই ময়নাতদন্তের জন্যে নিয়ে গিয়েছে কেতুগ্রাম থানার পুলিস।
অন্যদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে অভিযোগ, চোরাই বালি বোঝাই করে নৌকাটি ভাগীরথী নদী দিয়ে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু শাঁখাইয়ের পোস্ট অফিস ঘাটের কাছে নৌকাটি চরে ধাক্কা লেগে উলটে যায়। সঙ্গে সঙ্গে জলে তলিয়ে যায় দুই শ্রমিক। দুর্ঘটনাগ্রস্থ নৌকাটি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানা এলাকার বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। ঘটনায় স্থানীয়দের আরও অভিযোগ, রাতের অন্ধকারে কাটোয়ার কাছে অজয় নদী থেকে বালি তুলে মুর্শিদাবাদের দিকে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটেছে।