টোটো রাখাকে কেন্দ্র করে কাকা ভাইপোর অশান্তি। পরে বাকবিতণ্ডা বাড়লে ধারালো কুড়ুল দিয়ে ভাইপোর উপর চড়াও হওয়ার অভিযোগ ক্কার বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় যুবক হাসপাতালে ভর্তি। অশান্তি ঠেকাতে গিয়ে মারধ...
টোটো রাখাকে কেন্দ্র করে কাকা ভাইপোর অশান্তি। পরে বাকবিতণ্ডা বাড়লে ধারালো কুড়ুল দিয়ে ভাইপোর উপর চড়াও হওয়ার অভিযোগ ক্কার বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় যুবক হাসপাতালে ভর্তি। অশান্তি ঠেকাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আহত যুবকের পরিবারও। ইতিমধ্যেই অভিযুক্ত কাকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান হয়েছে বলে খবর। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সোমবার রাতে টোটো রাখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসনাবাদের টাকি থুবা দাসপাড়া এলাকা। আহত যুবকের পরিবারের অভিযোগ, শরিকি জমিতে টোটো রাখতে গিয়েই প্রথমে দুপক্ষের বচসা শুরু হয়। এরপরেই বিবাদ চলাকালীন অভিযুক্ত অশোক ঋষি দাস ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ভাইপো বাবাই ঋষি দাসের উপর। তাঁর মাথায় গভীর আঘাত করা হয় বলে অভিযোগ। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন যুবকের মা মিনু ঋষি দাসও। তাঁর নাকে মুখে এলোপাথাড়ি কিল-ঘুষি দেওয়া হয় বলে খবর।
ঘটনার পরেই আহত যুবককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসারত ওই যুবক। অন্যদিকে এই ঘটনায় হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে আহত যুবকের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত কাকা সোমনাথ ঋষি দাসকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার নেপথ্যে অন্য কোন জটিলতা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।