বঙ্গের রাজনৈতিক উত্তাপের মধ্যেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ব...
বঙ্গের রাজনৈতিক উত্তাপের মধ্যেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও খবর। আজ সারাদিন জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গের সারা সপ্তাহ ধরে চলবে ঝড়বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে আরও খবর, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তুমুল ঝড়বৃষ্টি চলবে জেলায় জেলায়। দোসর হবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। দুর্যোগের সম্ভবনা বেশি নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই অবস্থায় সমুদ্রও উত্তাল থাকবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তাই পশ্চিমবঙ্গের উপকূল ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জানা যাচ্ছে, ওড়িশা এবং মধ্যপ্রদেশে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। যার জেরে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। ফলে বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
এই অবস্থায় উত্তরবঙ্গে গোটা সপ্তাহজুড়েই চলবে ঝড়বৃষ্টি। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস চলবে। আগামী শনিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে। কমবে বৃষ্টির পরিমাণ।