'শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামরায়, মানুষ কুকুরে পায়ে কামরায় না।' নন্দীগ্রাম থেকে দলের নেতা-কর্মীদের উদ্দেশে সাফ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পরাজিত তৃণমূল সরকারকে নিশানায় নিয়ে তিনি ব...
'শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামরায়, মানুষ কুকুরে পায়ে কামরায় না।' নন্দীগ্রাম থেকে দলের নেতা-কর্মীদের উদ্দেশে সাফ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পরাজিত তৃণমূল সরকারকে নিশানায় নিয়ে তিনি বলেন, 'ওরা অনেক অত্যাচার করেছে। কিন্তু কেউ আইন হাতে তুলে নেবেন না। ওরা যা করেছে, আপনারা তা করবেন না। পাপীদের কার্যালয়ে হাত দেবেন না। শান্তি বজায় রাখুন।'
বুধবার সকালে নন্দীগ্রাম এবং ভবানীপুরের জয়ী বিজেপি প্রার্থী আশ্বাস দিয়ে জানান, আগের সরকারের আমলের প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের খুলবে বিজেপি সরকার। তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও আজ জানিয়ে দেন তিনি। বলেন, 'আগামীর বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী প্রতিটি মামলা খুলবে। আমরা ব্যবস্থা নেব।'
এছাড়াও নিজের গড়, নন্দীগ্রাম থেকে আরও একগুচ্ছ উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন শুভেন্দু। বলেন, 'আমি আমার কাজে সর্বদা একনিষ্ঠ থাকি। দুটো বিধানসভায় দল আমার উপর ভরসা করেছিল। আমি সেই প্রতিশ্রুতি পালন করেছি। এ বার উন্নয়নের সময়। নন্দীগ্রামে নতুন ইংরেজি মাধ্যম স্কুল, আইটিআই কলেজ হবে। কৃষিক্ষেত্রে বছরে দু'বার ধান চাষ করার উপযুক্ত ব্যবস্থা। আর যারা গুন্ডা, তাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন।' একইসঙ্গে তিনি বলেন, 'বিজেপিকে মানুষ একবার এনেছে, আমরা এমন ভালো কাজ করব ১০০ বছর পর্যন্ত বিজেপি থাকবে। আমরা আমাদের সংকল্প পত্র পূরণ করব। আগামী এক বছরের মধ্যে সরকার এবং দল এমন ভালো কাজ করবে যে আমাদের ভোট শতাংশ ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছাবে।'