বুধবার সকালে লালাবাজার থেকে সাংবাদিক বৈঠক করলেন কলকাতা পুলিসের কমিশনার অজয় নন্দ। সঙ্গে ছিলেন CAPF কমান্ডেন্ট। এদিন দু'জনেই ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দেন। পাশাপাশি গ...
বুধবার সকালে লালাবাজার থেকে সাংবাদিক বৈঠক করলেন কলকাতা পুলিসের কমিশনার অজয় নন্দ। সঙ্গে ছিলেন CAPF কমান্ডেন্ট। এদিন দু'জনেই ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দেন। পাশাপাশি গুজব এড়িয়ে চলার বার্তাও দিয়েছেন তাঁরা।
এদিন সিপি অজয় নন্দ বলেন, 'ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না।' অন্যদিকে যেকোনও রকম বাড়াবাড়ি বা উস্কানি মূলক কার্যকলাপের বিরুদ্ধেও তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে আগাম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, কোনোভাবেই জেসিবি নিয়ে মিছিল করা যাবে না। যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। পাশাপাশি বিজয় মিছিল বের করার আগে পুলিসের অনুমতি নিতে হবে বলেও সাফ নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়াও যেকোনও সমস্যায় পুলিসকে ফোন করার পরামর্শ দিয়েছেন অজয় নন্দ। জানিয়েছেন, এখনও ৬৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা আছে একাধিক স্পর্শকাতর এলাকায়। পুলিস ও কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে হিংসা দমনের কাজ করবে। এছাড়াও ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভাঙচুরের ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বলে রাখা ভালো, গত সোমবার বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। বঙ্গবাসীর বিপুল সমর্থন পেয়ে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে ১৫ বছরের তৃণমূলকে সরকারকে কার্যত ছুড়ে ফেলেছে জনতার রায়। এই অবস্থায় ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে। ভাঙচুর,মারধরের মত একাধিক অভিযোগ জমা পড়েছে থানায়। এমতাবস্থায় সিপি অজয় নন্দের সাংবাদিক বৈঠক ও তাঁর দেওয়া বার্তা সময়পযোগী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।