সম্প্রতি বাংলার ভোটযুদ্ধে 'মাছ' বিতর্ক সমালোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। আর 'মাছে-ভাতে' বাঙালির কাছে যে এটা একটা আবেগ, তা খুব ভালো করেই জানেন রাজনৈতিক নেতৃত্বরা। তাই ভোটমুখে সেই আবেগকেই 'খোঁচা' দিতে চা...
সম্প্রতি বাংলার ভোটযুদ্ধে 'মাছ' বিতর্ক সমালোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। আর 'মাছে-ভাতে' বাঙালির কাছে যে এটা একটা আবেগ, তা খুব ভালো করেই জানেন রাজনৈতিক নেতৃত্বরা। তাই ভোটমুখে সেই আবেগকেই 'খোঁচা' দিতে চাইছে শাসক-বিরোধী দুই পক্ষ। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী বাংলায় মাছ উৎপাদন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। বলেছিলেন বাংলা এখনও অন্য রাজ্যের প্রতি নির্ভশীল। পরে মোদীর সেই মন্তব্যের পাল্টা জবাব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মাছ উৎপাদনে বাংলা স্বাবলম্বী।
এদিন হলদিয়ায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ তুলে বলেন, বাংলায় মাছের ব্যাপক চাহিদা থাকলেও এখনও মৎস্য প্রতিপালনে আত্মনির্ভর নয় রাজ্য। এখনও অন্য রাজ্য থেকে মাছ আমদানি করতে হয় বাংলায়। ভারতে মাছ উৎপাদন ১১ বছরে দ্বিগুণ হয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল সরকারের কারণে বাংলা সেই সফলতা পায়নি। প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকারের জন্য পিএম মৎস্য সম্পদের লাভ পান না বাংলার মৎস্যজীবীরা। তবে ক্ষমতায় এলে কেন্দ্রের সমস্ত স্কিম বাংলার মানুষ পাবেন বলেও এদিন আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তবে প্রধানমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, আগে বাংলায় খুব বেশি ইলিশ মাছ পাওয়া যেত না। বর্তমানে ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টারে গবেষণার মাধ্যমে বাংলাতেই প্রচুর পরিমাণে ইলিশ মাছ উৎপাদন হয়। তিনি আরও জানান, আগে ভালো ইলিশের জন্য বাংলাদেশের শরণাপন্ন হতে হত। পাশাপাশি হায়দরাবাদের কাছেও হাত পাততে হত। কিন্তু এখন সময় বদলেছে। বাংলা স্বাবলম্বী হয়েছে।