নির্মীয়মান বহুতলে কাজ করতে গিয়ে মৃত্যু এক শ্রমিকের। বুধবার সকাল আটটা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে চাঁদপুর বাজার এলাকায় একটি নির্মীয়মান বহুতলে কাজে যান ওই যুবক। পরে সেখানেই দোতলার উপর থেকে পড়ে তাঁর ...
নির্মীয়মান বহুতলে কাজ করতে গিয়ে মৃত্যু এক শ্রমিকের। বুধবার সকাল আটটা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে চাঁদপুর বাজার এলাকায় একটি নির্মীয়মান বহুতলে কাজে যান ওই যুবক। পরে সেখানেই দোতলার উপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় অন্যান্য শ্রমিকদের মধ্যেও।
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আশরাফুল শেখ (৩৭)। বাড়ি সামশেরগঞ্জের অন্তরদীপা এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, নির্মীয়মান বহুতলের দ্বিতীয় তলায় সাফাইয়ের কাজ করছিলেন আশরাফুল। সেই সময়েই অসাবধানবশত নীচে পড়ে যান তিনি। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁর অচৈতন্য রক্তাক্ত দেহ উদ্ধার করে অন্যান্য শ্রমিকেরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে যুবককে।
ঘটনায় নির্মীয়মান বহুতলের মালিক জানান, 'সকালে ওখানে শ্রমিকেরা কাজ করছিল। আমি ব্যবসার কাজে বেরিয়েছিলাম। পরে বেলার দিকে এই দুর্ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।' এদিন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিস। ইতিমধ্যেই মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা।