রুটি-রুজির টানে ভিনরাজ্যে কাজে গিয়ে আর ফেরা হলো না বাংলার পরিযায়ী শ্রমিকের। তামিলনাড়ুতে কর্মস্থলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে ইট কাটা মেশিনে ক...
রুটি-রুজির টানে ভিনরাজ্যে কাজে গিয়ে আর ফেরা হলো না বাংলার পরিযায়ী শ্রমিকের। তামিলনাড়ুতে কর্মস্থলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে ইট কাটা মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত তাঁর দেহটি মেশিনের কবলে চলে আসে ওই শ্রমিকের দেহ। ঘটনাস্থলেই দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শক্তিপদ দাস। সাগর থানার কমলপুর ২ নম্বর কলোনির বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, শক্তিপদ বাবু আদতে ঘোড়ামারার বাসিন্দা ছিলেন। কিন্তু নদী ভাঙনের কারণে সেখানে তাঁদের ভিটেমাটি বিলীন হয়ে যাওয়ায় গঙ্গাসাগরের কমলপুর ২ নম্বর কলোনিতে এসে বসবাস শুরু করেন। সেখানে নতুন করে সংসার গুছিয়ে নেওয়ার লড়াই এবং জীবিকার টানেই তিনি তামিলনাড়ুতে শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে একটি ইট ভাটায় ইট কাটার মেশিনে কর্মরত ছিলেন তিনি। গতকাল বিকেলে কাজ করার সময় আচমকাই ঘটে এই মর্মান্তিক বিপত্তি। সহকর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি।
মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে কমলপুর ২ নম্বর কলোনি এলাকায়। বর্তমানে দেহটি তামিলনাড়ুতেই ময়না তদন্তের প্রক্রিয়ায় রয়েছে। মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবারটি। এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।