আমাদের মধ্যে এমন বহু মানুষ আছেন যারা সিনেমা দেখতে পচ্ছন্দ করেন কিন্তু বই পড়া তাদের মোটে পচ্ছন্দ নয়। ঘণ্টার পর ঘণ্টা সময় ধরে পড়তে ধৈর্য্য হয়না। কিন্তু, মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতা বিকাশে বই পড়ার গুরুত্ব কিন্তু অপরিসীম। বই মানুষের নীরব শিক্ষক, যা জীবনকে সঠিক পথে পরিচালিত করে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, কিন্তু তবুও বই পড়ার গুরুত্ব কখনো এতটুকু কমেনি। কারণ বই মানুষকে প্রকৃত জ্ঞান ও অভিজ্ঞতার আলো দেখায়।
আসেল বই পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধি বিস্তৃত হয়। বিভিন্ন বিষয়ের বই পড়লে আমরা নতুন নতুন তথ্য জানতে পারি এবং আমাদের অজানা জগত সম্পর্কে ধারণা লাভ করি। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, দর্শন—সব ক্ষেত্রেই বই আমাদের নির্ভরযোগ্য সঙ্গী। নিয়মিত বই পড়লে ভাষাজ্ঞান ও শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, যা আমাদের প্রকাশভঙ্গিকে আরও সুন্দর করে তোলে।
দ্বই পড়া মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো বই আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়ায়, যুক্তিবোধকে শক্তিশালী করে এবং কল্পনাশক্তিকে উজ্জীবিত করে। বিশেষ করে গল্প, উপন্যাস ও কবিতা মানুষের অনুভূতি ও সহানুভূতিশীল মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। বই পড়া মানসিক চাপ কমায় এবং একাকীত্ব দূর করতে সহায়ক হয়।
এছাড়াও চরিত্র গঠনে বইয়ের অবদান অনস্বীকার্য। নীতিশিক্ষামূলক ও জীবনঘনিষ্ঠ বই আমাদের ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখায়। মহান ব্যক্তিদের জীবনী পড়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তাদের আদর্শ অনুসরণ করতে উৎসাহিত হই। এতে আমাদের মধ্যে সততা, ধৈর্য ও আত্মবিশ্বাসের মতো গুণাবলি বিকশিত হয়।
পরিশেষে বলা যায়, বই পড়া মানুষের জীবনের এক অমূল্য সম্পদ। এটি শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান উপায়। তাই প্রযুক্তিনির্ভর এই যুগেও আমাদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। বইয়ের সান্নিধ্যই পারে আমাদের জীবনকে আলোকিত করতে।