Calcutta Television Network

ভাইফোঁটা কেবল অনুষ্ঠান নয়, এটি ভাই-বোনের এক আন্তরিক বন্ধন

ভাইফোঁটা কেবল অনুষ্ঠান নয়, এটি ভাই-বোনের এক আন্তরিক বন্ধন
11 November 2026 • 03:14:45 pm

আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি আবেগঘন উৎসব হলো  ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত এই উৎসব কিন্তু শুধু  নিয়ম মেনে কপালে ফোঁটা দেওয়া, মিষ্টিমুখ করানো বা উপহার আদানপ্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর গভীরে লুকিয়ে রয়েছে ভাই-বোনের এক চিরন্তন ভালোবাসা, মায়া, স্নেহ আর একে অপরের পাশে থাকার অঙ্গীকার।

পৌরাণিক কাহিনি অনুসারে, যম ও তাঁর বোন যমুনার কাহিনির সঙ্গে এই উৎসবের সম্পর্ক রয়েছে। কথিত আছে, যমুনার আন্তরিক আমন্ত্রণে যম তাঁর বোনের বাড়িতে আসেন। বোন তাঁকে ফোঁটা দিয়ে আপ্যায়ন করেন। সেই থেকেই ভাইফোঁটার প্রচলন বলে লোকবিশ্বাস রয়েছে। তাই আজও ভাইফোঁটার দিন বোন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে। ভাইও বোনের প্রতি ভালোবাসা, দায়িত্ব ও সুরক্ষার প্রতিশ্রুতি দেয়।

তবে সময়ের সঙ্গে বদলেছে আমাদের  জীবনযাত্রা, সম্পর্কের প্রকাশভঙ্গিও বদলেছে।  এখন কর্মসূত্রে অনেক ভাই-বোনই  হয়তো দূরে থাকে, প্রতিদিন দেখা হয় না, কথাও হয় না। কিন্তু ভাইফোঁটা এলেই সেই পুরোনো স্মৃতি, শৈশবের সেই  খুনসুটি আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর  কথা মনে পড়ে, তাই ভাইফোঁটা সত্যিই  কোনও উপহার বা আচারসর্বস্ব উৎসব নয়। এটি আসলে রক্তের সম্পর্কের বাইরেও বিশ্বাস, ভালোবাসা ও নির্ভরতার এক সুন্দর উদযাপন। এক চির বন্ধন।