আমাদের ভারতবর্ষের আদিবাসী সংস্কৃতির এক প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব হল করম পুজো বা করম পরব। প্রধানত ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই উৎসবটি ভীষণই জনপ্রিয়। মুণ্ডা, ওরাঁও, সাঁওতাল, হো, খাড়িয়া-সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরাই এই উৎসবটি পালন করে থাকেন।
সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আমরা এই পুজো অনুষ্ঠিত হতে দেখি । তবে বিভিন্ন অঞ্চলে তিথি ও আচার-অনুষ্ঠানে কিছু পার্থক্য দেখা যায়। করম পুজোর প্রধান আকর্ষণ হল করম গাছের ডাল। আদিবাসীরা বিশ্বাস করে যে, করম দেবতা শক্তি, যৌবন, সমৃদ্ধি ও জীবনীশক্তির প্রতীক। তাই ভালো ফসল, পরিবারের মঙ্গল এবং সুখ-শান্তি কামনায় তারা এই পুজো করে থাকে।
যদিও এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক লোককথা। তেমনই একটি প্রচলিত কাহিনি রয়েছে সাত ভাইকে নিয়ে। কথিত আছে, করম দেবতার প্রতি অবহেলার কারণে তাদের জীবনে দুর্ভাগ্য নেমে এসেছিল। পরে অনুতপ্ত হয়ে করম দেবতার পুজো করায় তারা আবার সুখ-সমৃদ্ধি ফিরে পায়। পুজোর কয়েক দিন আগে থেকেই তরুণীরা বিভিন্ন শস্যের বীজ বপন করে এবং পুজোর দিন করম গাছের ডাল প্রতিষ্ঠা করে গান, নাচ ও নানা আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা দেবতার আরাধনা করে ।
আসলে করম পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এই উৎসব আসলে গাছ, মাটি, ফসল ও মানুষের নিবিড় সম্পর্কের উৎসব । তাই তো করম পরব আমাদের মনে করিয়ে দেয় যে, প্রকৃতিকে ভালো রাখলেই ভালো থাকবে আমাদের জীবন, আমাদের পৃথিবী।