Calcutta Television Network

হারিয়ে গেছে বায়োস্কোপ, মনে পড়ে সেই পুরোনো দিনের স্মৃতি?

হারিয়ে গেছে বায়োস্কোপ, মনে পড়ে সেই পুরোনো দিনের স্মৃতি?
1 November 2026 • 03:33:48 pm

একটা সময় ছিল, যখন আমাদের  বিনোদনের জন্য হাতের মুঠোয় মোবাইল ছিল না, ছিল না টেলিভিশন কিংবা ইন্টারনেটের দুনিয়া। অথচ তখন  আনন্দের কোনও অভাব ছিল না। পাড়ার অলিগলিতে কাঁধে বাক্স নিয়ে হাজির হয়ে যেতেন বায়োস্কোপওয়ালারা। তাঁদের মুখেই শোনা যেত সেই পরিচিত ডাক, ‘বায়োস্কোপ দেখবে, বায়োস্কোপ!’ আর সেই ডাক শুনেই ছুটে আসত ছোট-বড় সবাই।

কাঠের তৈরি ছোট্ট বাক্সের মধ্যে চোখ লাগিয়ে দেখা যেত রঙিন ছবি। কখনও রাজা-রানির গল্প, কখনও রূপকথা,  আবার কখনও ট্রেন, পাহাড়, সমুদ্র । ছবির সঙ্গে চলত বায়োস্কোপওয়ালার বর্ণনা। কয়েকটি ছবির মধ্যেই যেন খুলে যেত আমাদের এক কল্পনার জগৎ। কয়েক পয়সার বিনিময়ে মিলত  অনেক আনন্দ। তবে তখন কিন্তু বায়োস্কোপ শুধু বিনোদনের মাধ্যম ছিল না, ছিল এক সামাজিক মিলনক্ষেত্র। পাড়ার শিশুরা একসঙ্গে দাঁড়িয়ে ছবি দেখত, আনন্দে চিৎকার করত, গল্প করত। সেই আনন্দের মধ্যে ছিল এক নির্মল সরলতা।  

সময়ের সঙ্গে সঙ্গে  সিনেমা হল, টেলিভিশন, স্মার্টফোন আর আজকের ডিজিটাল মাধ্যম  বায়োস্কোপকে প্রায় হারিয়েই দিয়েছে। আজ প্রযুক্তির উন্নতির ফলে মুহূর্তের মধ্যে হাজার হাজার  ছবি আমরা দেখতে পাই।  কিন্তু সেই কাঠের বাক্সে চোখ রেখে অজানা পৃথিবীকে দেখা---  সেই আনন্দ  কোথায় যেন হারিয়ে গেছে। বায়োস্কোপ আজ হয়তো ইতিহাসের হয়ে গেছে,  কিন্তু তবুও আমাদের সেই  শৈশবের স্মৃতি আজও  আমাদের কাছে অমলিন।