Calcutta Television Network

ভূত চতুর্দশীতে কেন জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ? জানেন কি এর পিছনের রহস্য?

 ভূত চতুর্দশীতে কেন জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ? জানেন কি এর পিছনের রহস্য?
2 November 2026 • 03:34:03 pm

কালীপুজোর আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী। বাঙালি হিন্দুদের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে এই দিনটি বিশেষ  গুরুত্বপূর্ণ। এই দিনে বাড়িতে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় । কিন্তু কেন জ্বালানো হয় এই চোদ্দটি প্রদীপ?

লোকবিশ্বাস অনুযায়ী, এই দিনে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। মনে করা হয়, পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি ও আশীর্বাদ কামনা করতেই এই আলোর আয়োজন। অনেকে বিশ্বাস করেন, এই প্রদীপের আলো পূর্বপুরুষদের পথ আলোকিত করে।

 আবার এর সঙ্গে জড়িয়ে রয়েছে চোদ্দ শাক খাওয়ার প্রথাও। বাঙালি পরিবারে এই দিনে চোদ্দ রকমের শাক খাওয়ার রীতি প্রচলিত। লোকবিশ্বাস অনুযায়ী, এই চোদ্দ শাক শরীরকে সুস্থ রাখার পাশাপাশি অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা করে।

আরও একটি প্রচলিত বিশ্বাস হলো, ভূত চতুর্দশীর রাতে অশুভ শক্তির প্রভাব বাড়ে। তাই বাড়ির বিভিন্ন কোণে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। তবে এই প্রথাগুলির পিছনে মূলত ধর্মীয় বিশ্বাস, লোকাচার ও পারিবারিক ঐতিহ্যই বেশি  কাজ করে। চোদ্দটি প্রদীপ আসলে শুধু আলো জ্বালানোর রীতি নয়, এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, স্মৃতিচারণ এবং অন্ধকারের মধ্যে আলোর  এক বার্তা বহন করে।