ভাইফোঁটা আমাদের প্রায় প্রত্যেকটি বাঙালি পরিবারেই একটি অত্যন্ত প্রিয় উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব আমরা পালন করি । বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে। কিন্তু প্রশ্ন হল, এই ভাইফোঁটা কি শুধুই লোকাচার, নাকি এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী ?
ভাইফোঁটার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী । প্রচলিত বিশ্বাস অনুযায়ী বলা হয় যে, সূর্যদেবের সন্তান হলো যম ও যমুনা। যমুনা বহুদিন ধরেই তাঁর ভাই যমকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেও যম আসেননি। অবশেষে দ্বিতীয়ার দিন যম বোনের বাড়িতে এসে উপস্থিত হন। তখন বোন যমুনা তাঁকে সাদরে আপ্যায়ন করেন এবং কপালে তিলক পরিয়ে তাঁর মঙ্গল কামনা করেন। বোনের আতিথেয়তায় খুশি হয়ে যম তাঁকে বর দিতে চান। সেই থেকেই ভাইয়ের মঙ্গল কামনায় এই উৎসব পালন করা হয় বলেই লোকের বিশ্বাস।
আবার শ্রীকৃষ্ণের নরকাসুর বধের পর বোন সুভদ্রা তাঁর কপালে তিলক পরিয়ে মঙ্গল কামনা করেছিলেন, এমন একটি কাহিনিরও প্রচলন রয়েছে। তবে ভাইফোঁটা শুধু কপালে একটি চন্দনের ফোঁটা দেওয়ার অনুষ্ঠান নয়। এটি ভাই-বোনের ভালোবাসা, স্নেহ, অভিমান, স্মৃতি ও পারস্পরিক নির্ভরতার এক প্রতীক। তাই পৌরাণিক বিশ্বাস বা লোকাচার যাই হোক না কেন , এই উৎসবের প্রধান বার্তা ই হলো সম্পর্কের বন্ধন, ভালোবাসার বন্ধন। যে বন্ধন বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম।