সুস্মৃতি দাস : আগের পর্বে জানিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অন্যতম আদিপুরুষ নীলমনি ঠাকুরের কথা। আজ জানাবো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদিপুরুষ দ্বারকানাথ ঠাকুরের জন্মবৃত্তান্ত নিয়ে কথা। কার দত্তকপুত্র ছিলেন তিনি?
ব্যোমকেশ মুস্তাফি বলছেন যে, নীলমনি ঠাকুরের তিনটি পুত্র ও একটি কন্যা - রামলোচন, রামমনি, রামবল্লভ এবং কমলমনি । কন্যা কমলমনির বিবাহ হয় বেহালার সাবর্ণ রায়চৌধুরীর পরিবারভুক্ত হরিশ চন্দ্র হালদার এর সঙ্গে। আবার দক্ষিণডিহি নিবাসী রামচন্দ্র রায় এর দুই কন্যার মধ্যে অলোকাকে রামলোচন এবং মেনকাকে রামমনি বিবাহ করেন। রামলোচনের একটি কন্যা জন্মগ্রহণ করলেও শৈশবেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে মেনকা দেবীর গর্ভে রামমনির দুটি পুত্র ও দুটি কন্যা হয়- রাধানাথ, জাহ্নবী, রামবিলাসী ও দ্বারকানাথ। দ্বারকানাথের জন্মের এক বছরের মধ্যেই মেনাকাদেবীর মৃত্যু হয়। ইতিপূর্বে রামলোচনের একমাত্র কন্যাটির মৃত্যু হলে তিনি ভ্রাতা রামমনির দ্বিতীয় পুত্র দ্বারকানাথকে ১২০৫ বঙ্গাব্দে দত্তক পুত্র গ্রহণ করেন।
এ সম্পর্কে যদিও একটি কিংবদন্তী প্রচলিত রয়েছ। শোনা যায় যে, একদিন এক সন্যাসী রামলোচনের গৃহে ভিক্ষা করতে এসে শিশু দ্বারকানাথ কে দেখে অলোকা দেবী কে বলেন যে ,এই শিশুটি থেকেই এই বংশের গৌরব ও ধনসম্পদ বৃদ্ধি পাবে। আর এই কথা শুনেই নাকি অলোকাদেবী, দ্বারকানাথকে দত্তক নেবার জন্য স্বামী কে প্ররোচিত করেন। এরপর রামলোচন ঠাকুর ,দ্বারকানাথকে দত্তকপুত্র হিসাব গ্রহণ করেন এবং তাঁর সমস্ত বিষয় সম্পত্তি দ্বারকানাথের নামে উইল করে দিয়ে যান। আগামী পর্বে আসছি দ্বারকানাথ ঠাকুরের কথা নিয়ে।