বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙা-যাঁকে অনেকেই 'বাল্কানের নস্ত্রাদামুস' বলে ডাকেন-তাঁর ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন করে আলোচনার ঝড়। অতীতে যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি-একাধিক ভবিষ্যদ্বাণী মিলেছে বাস্তবের সঙ্গে। এমনকি ২০২৫ সালেও তাঁর বলা বেশ কিছু পূর্বাভাস সত্যি হওয়ায় ২০২৬ নিয়ে তাঁর আশঙ্কাকে ঘিরে কৌতূহল ও আতঙ্ক দুটোই বেড়েছে।
বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বজুড়ে বড়সড় অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। বিশেষ করে সোনা, রুপো ও তামার দামের অস্বাভাবিক ওঠানামা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর মতে, ধীরে ধীরে কাগুজে মুদ্রার মূল্য কমতে থাকবে, যার ফলে মানুষের আস্থা নড়বড়ে হবে নিজ নিজ দেশের টাকার উপর।
এই পরিস্থিতিতে মানুষ ঝুঁকবে নিরাপদ বিনিয়োগের দিকে-যার মধ্যে প্রথমেই থাকবে সোনা ও রুপোর মতো বহুমূল্য ধাতু। বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী বলছে, নগদ অর্থের ব্যবহার কমে গিয়ে বিশ্বজুড়ে ক্যাশ লিকুইডিটি সংকট তৈরি হতে পারে। অনেকের মতে, ডিজিটাল লেনদেন ও ইউপিআই ব্যবস্থার বিস্তার ইতিমধ্যেই নগদের ব্যবহার অনেকটাই কমিয়ে দিয়েছে, যা এই আশঙ্কাকে আরও উসকে দিচ্ছে।
এই ভবিষ্যদ্বাণীর প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে বলে মনে করছেন অনেকে। ভারতে এবং বিশ্ববাজারে সোনা-রুপোর দাম ঊর্ধ্বমুখী। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরও বাড়বে বলেই ধারণা, ফলে বছরের শেষে এই ধাতু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।