দেখতে দেখতে বাঙালিদের উৎসবের মরশুমের একটু একটু করে কেটে যাচ্ছে। দুর্গা পুজো কালীপুজো এমন কি ভাইফোঁটা পর্যন্তও বাঙ্গালীদের মধ্যে উৎসবের একটা রেশ থাকে। আর এই রেশের মধ্য দিয়েই আমরা কিছুটা হলেও বুঝতে পারি চারিদিকের আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। শীত আসছে। আর শীত আসা মানেই ত্বকের শুষ্কতা খুব ভালোভাবে পরিলক্ষিত করা যায়। কারোর কারোর ক্ষেত্রে ত্বকের আর্দ্রতা এতটাই কমে যায় যে গোড়ালি ফাটার মতো সংক্রমণ ও দেখা যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, এতে চিন্তার কোন কারণ নেই। ঘরোয়া কিছু টিপসের মাধ্যমেই গোড়ালি ফাটা সারানো সম্ভব হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক-
নারকেল তেল ও মোম:
২ চামচ নারকেল তেলের সঙ্গে ১ চিমটে মোম হালকা গরম করে মিশ্রণ তৈরি করুন। রাতে গোড়ালিতে লাগিয়ে মোজা পরে ঘুমান। গভীরভাবে ত্বকে আর্দ্রতা জোগায়, ফাটা দ্রুত সারায় এবং ত্বক মসৃণ রাখে।
কলা ও মধুর মাস্ক:
১টি পাকা কলার সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে গোড়ালিতে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ত্বক নরম করে এবং ফাটা কমায়।
গ্লিসারিন ও গোলাপজল:
২ চামচ গ্লিসারিনেই সঙ্গে ২ চামচ গোলাপজল ভালোভাবে মিশিয়ে প্রতিদিন রাতে গোড়ালিতে লাগান। মোজা পরে ঘুমান। ত্বকে আর্দ্রতা ধরে রাখে, রুক্ষতা কমায় এবং ফাটা সারাতে সাহায্য করে।
প্রতিদিন পা পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। শুষ্ক আবহাওয়ায় মোজা ও নরম জুতো ব্যবহার করুন। পা ভিজিয়ে স্ক্রাব করলে মৃত কোষ দূর হয়, যা ফাটা কমাতে সাহায্য করে।