উচ্চমাধ্যমিকের পর অনেক শিক্ষার্থী এমন কোর্স খোঁজেন যা দ্রুত কর্মজীবনের সুযোগ এনে দিতে পারে। সেই তালিকায় এখন অন্যতম জনপ্রিয় নাম হোটেল ম্যানেজমেন্ট। পর্যটন ও আতিথেয়তা শিল্প দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই ক্ষেত্রের পেশাদারদের চাহিদাও ক্রমশ বাড়ছে।
হোটেল ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি সাধারণত তিন বছরের কোর্স। এর মধ্যে প্রথম এক বছরের পড়াশোনার পর প্রায় ছয় মাসের ইন্টার্নশিপ করতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হয়, যদিও শিক্ষার্থীরা চাইলে নিজেরাও স্বীকৃত প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে পারেন।
ভারতের বিভিন্ন শহরে সরকারি প্রতিষ্ঠানগুলিতে এই কোর্স পড়ার সুযোগ রয়েছে। যেমন-কলকাতা, মুম্বই, পুণে, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition (আইএইচএম) প্রতিষ্ঠানগুলি। তবে এই কলেজগুলিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের দিতে হয় ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (এনসিএইচএম জেইই)। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেধাতালিকার ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হওয়া যায়।
সরকারি প্রতিষ্ঠানে এই কোর্সের খরচ সাধারণত ২ থেকে ৩ লক্ষ টাকা। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে গেলে খরচ হতে পারে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা।
এই কোর্সে নানা ধরনের ব্যবহারিক ও তাত্ত্বিক বিষয় পড়ানো হয়। যেমন-ফুড প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, হাউসকিপিং, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং, ফুড সেফটি, কমিউনিকেশন স্কিল, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট।
কোর্স শেষ করার পর শিক্ষার্থীরা প্রায়শই ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে নামী হোটেলে চাকরির সুযোগ পান। শেফ, হোটেল ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, গেস্ট রিলেশন অফিসার, ক্যাটারিং ম্যানেজার কিংবা অ্যাকমোডেশন ম্যানেজার-এমন নানা পেশায় ভবিষ্যৎ গড়া যায়।
শুধু ভারতেই নয়, বিদেশেও এই পেশার চাহিদা রয়েছে। বিশেষ করে মালদ্বীপ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান বা থাইল্যান্ডের মতো পর্যটনকেন্দ্রিক দেশে দক্ষ হোটেল ম্যানেজমেন্ট পেশাদারদের জন্য কাজের সুযোগ তৈরি হয়। এমনকি অভিজ্ঞতা থাকলে ক্রুজ বা জাহাজেও চাকরির সুযোগ মিলতে পারে।