Calcutta Television Network

ব্যাঙ্কিং প্রযুক্তি শেখার সুযোগ! RBI অধীনস্থ সংস্থা দিচ্ছে বিশেষ ট্রেনিং

ব্যাঙ্কিং প্রযুক্তি শেখার সুযোগ! RBI অধীনস্থ সংস্থা দিচ্ছে বিশেষ ট্রেনিং

3 April 2026 , 12:36:11 pm

বর্তমান সময়ে ব্যাঙ্কিং ব্যবস্থা দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। অনলাইন লেনদেন, ডিজিটাল পেমেন্ট, সাইবার সুরক্ষা-সব ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই পরিবর্তিত বাস্তবতায় ব্যাঙ্কিং ও প্রযুক্তির সংযোগ কী ভাবে কাজ করে, তা শেখার বিশেষ সুযোগ দিচ্ছে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি (IDRBT)। এই সংস্থা পরিচালিত হয় Reserve Bank of India-এর অধীনে।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা ব্যাঙ্কিং প্রযুক্তির বাস্তব প্রয়োগ হাতে-কলমে শেখার সুযোগ পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য এই প্রশিক্ষণ বিশেষভাবে উপযোগী।

প্রশিক্ষণের মূল লক্ষ্য হল ব্যাঙ্কিং ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বোঝানো। যেমন- 

ব্লকচেন প্রযুক্তি: অনেক ব্যাঙ্ক এখন ডিজিটাল মুদ্রা লেনদেনে ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করছে। এর মাধ্যমে বিভিন্ন কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করে নিরাপদভাবে লেনদেন সম্পন্ন করা যায়।

কৃত্রিম মেধা (AI): গ্রাহকদের তথ্য বিশ্লেষণ, আর্থিক জালিয়াতি শনাক্ত করা, এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য বিশ্লেষণে AI গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রোগ্রামিং ও ডেটা স্ট্রাকচার: ব্লকচেন বা অন্যান্য প্রযুক্তি ব্যবহারের জন্য প্রোগ্রামিং ভাষা, নেটওয়ার্কিং এবং ডেটা স্ট্রাকচারের মৌলিক ধারণাও শেখানো হবে। 

ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন-এমন শিক্ষার্থীরা এই প্রশিক্ষণে আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের মেয়াদ তিন মাস এবং মোট ১০ জন শিক্ষার্থী এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। 

প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীদের প্রতি মাসে প্রায় ১৪,০০০ টাকা ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে সংস্থায় কাজের সুযোগও মিলতে পারে।

আবেদন করতে হলে আগ্রহীদের ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। জীবনপঞ্জি এবং কেন এই প্রশিক্ষণ নিতে চান তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও পাঠাতে হবে। বাছাই করা প্রার্থীদের ২০ এপ্রিল সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

যাঁরা প্রযুক্তি ও ব্যাঙ্কিং-এই দুই ক্ষেত্রেই ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN