তথ্যপ্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করার ইচ্ছা যাঁদের আছে, তাঁদের জন্য বড় সুযোগ এনে দিল মিজোরাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ব্যাচেলর অফ টেকনোলজি (B.Tech) ডিগ্রির অধীনে একাধিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
এই কোর্সগুলির মধ্যে রয়েছে ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রযুক্তি শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য এই কোর্সগুলি ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে হলে প্রার্থীদের অবশ্যই ২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন (JEE Main) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এ ছাড়াও উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এই দুই শর্ত পূরণ করলে প্রবেশিকা পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়া সম্ভব।
শুধু প্রথম বর্ষেই নয়, ল্যাটারাল এন্ট্রি ব্যবস্থার মাধ্যমে সরাসরি তৃতীয় সেমেস্টারেও ভর্তি নেওয়া হবে। যাঁরা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন এবং ডিপ্লোমায় অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
তবে এই ক্ষেত্রে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আগ্রহীরা মিজোরাম বিশ্ববিদ্যালয়-এর অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ১০ মে। আবেদন ফি হিসেবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।
স্নাতক এবং ল্যাটারাল এন্ট্রি-দু’টির জন্যই বাছাই করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৯ মে। ল্যাটারাল এন্ট্রি প্রবেশিকা পরীক্ষা হবে ২ জুন, এবং তার ফলাফল ও চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে ৩ জুন।