ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখা হাজার হাজার পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ খবর। জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) মেন-এর দ্বিতীয় পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যারা এপ্রিল মাসের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তারা এখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এনটিএ জানিয়েছে, আপাতত ২ এপ্রিল এবং ৪ এপ্রিলের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। তবে ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে, সেগুলির অ্যাডমিট কার্ড এখনও প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়মিত জেইই মেন-এর ওয়েবসাইট নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বাকি পরীক্ষার অ্যাডমিট কার্ড শীঘ্রই প্রকাশ করা হতে পারে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে পরীক্ষার্থীদের প্রথমে জেইই মেন-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজে থাকা অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য-যেমন অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ-দিলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। এতে পরীক্ষার্থীর নাম, জন্মতারিখ, পরীক্ষার তারিখ, পরীক্ষাকেন্দ্রসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অ্যাডমিট কার্ডে দেওয়া সব তথ্য ভালভাবে মিলিয়ে নেওয়া জরুরি।
এছাড়া এনটিএ-র তরফে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে থাকা কিউআর কোড এবং বার কোড যেন প্রিন্টে স্পষ্ট দেখা যায়, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের পাশাপাশি একটি বৈধ সরকারি পরিচয়পত্রও সঙ্গে রাখতে হবে।
ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে জেইই মেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড সংক্রান্ত সব তথ্য ভালো করে যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।