স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET) ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কারণ, ২৮ মে নির্ধারিত পরীক্ষার দিনই পড়ছে ইদ-উল-আযহা। আর সেই কারণেই পরীক্ষার সূচি বদলের দাবি তুলেছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার বা এসআইও ইন্ডিয়া।
পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের পর থেকেই উদ্বেগ বাড়তে শুরু করে পড়ুয়াদের মধ্যে। সংগঠনের দাবি, ধর্মীয় উৎসবের দিনে জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া হলে বহু পরীক্ষার্থী সমস্যার মুখে পড়তে পারেন। বিশেষ করে যাঁদের দূরের পরীক্ষাকেন্দ্রে যেতে হবে, তাঁদের যাতায়াত, থাকার ব্যবস্থা এবং ধর্মীয় আচার পালনে অসুবিধা হতে পারে।
এসআইও ইন্ডিয়া ইতিমধ্যেই National Testing Agency বা এনটিএ-র কাছে আনুষ্ঠানিক ভাবে আবেদন জানিয়েছে। তাদের বক্তব্য, ২৮ মে-র পরিবর্তে বিকল্প দিন ঘোষণা করা হোক এবং সংশোধিত সূচি যত দ্রুত সম্ভব প্রকাশ করা হোক, যাতে পরীক্ষার্থীরা আগাম প্রস্তুতি নিতে পারেন।
সংগঠনের মতে, জাতীয় স্তরের পরীক্ষার সূচি তৈরির সময় দেশের বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপটের ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখা জরুরি। তবেই সকলের জন্য সমান সুযোগ ও ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, চলতি বছরের CUET-UG পরীক্ষা ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে এবং বিদেশের ১৪টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে নেওয়া হচ্ছে পরীক্ষা। এনটিএ সূত্রে জানা গিয়েছে, এ বছর মোট ১৫,৬৮,৮৬৬ জন পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন।
এখন দেখার, পরীক্ষার দিন পরিবর্তনের দাবিতে এনটিএ কোনও সিদ্ধান্ত নেয় কি না। কারণ, পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকলে বহু পরীক্ষার্থীকে উৎসব ও ভবিষ্যতের লড়াই- দু’য়ের মধ্যে কঠিন সমন্বয় করতে হতে পারে।