দেশজুড়ে প্রকাশিত হল আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল। Council for the Indian School Certificate Examinations (CISCE) চলতি বছর নজির গড়ে দ্রুত ফল ঘোষণা করেছে-দশমে মাত্র ৩০ দিন ও দ্বাদশে ২৬ দিনের মধ্যে।
পরিসংখ্যান বলছে, আইসিএসই-তে পাশের হার ৯৯.১৮% এবং আইএসসি-তে ৯৯.১৩%-যা কার্যত সর্বকালীন উচ্চতার কাছাকাছি। দশমে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি (৯৯.৮৫%) এগিয়ে থাকলেও দ্বাদশে সেরা পারফরম্যান্স দক্ষিণাঞ্চলের (৯৯.৮৭%)।
এবারও ফলাফলের সবচেয়ে বড় ট্রেন্ড-ছাত্রীদের আধিপত্য। আইসিএসই-তে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬%, যেখানে ছাত্রদের ৯৮.৯৩%। আইএসসি-তেও একই ছবি-ছাত্রী ৯৯.৪৮%, ছাত্র ৯৮.৮১%। অর্থাৎ, সংখ্যায় কম হলেও সাফল্যে এগিয়ে মেয়েরাই।
পশ্চিমবঙ্গের ফলও যথেষ্ট উল্লেখযোগ্য। রাজ্যে দশমে পাশের হার ৯৮.৮৪% এবং দ্বাদশে ৯৮.৯০%। মোট প্রায় ৪৪ হাজারের বেশি পরীক্ষার্থী দশমে এবং প্রায় ২৯ হাজার পরীক্ষার্থী দ্বাদশে অংশ নেয়। এখানেও ছাত্রীদের সাফল্য চোখে পড়ার মতো।
ফলাফল দেখা যাবে CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট ও DigiLocker-এ। পাশাপাশি, যাঁরা নম্বর নিয়ে সন্তুষ্ট নন, তাঁরা ১-৪ মে পর্যন্ত খাতা রিভিউর আবেদন করতে পারবেন। উন্নত ফলের জন্য ‘ইমপ্রুভমেন্ট পরীক্ষা’-র রেজিস্ট্রেশন চলবে ৮-১৪ মে।