গবেষণায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বড় সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই গবেষণা প্রকল্পে অর্থ সহায়তা করছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (ANRF)। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এই প্রকল্পে মোট দু’জন গবেষক নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩৭,০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে, যা গবেষণার পাশাপাশি একটি স্থিতিশীল আর্থিক সহায়তাও নিশ্চিত করে।
যোগ্যতার ক্ষেত্রে, আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের যে কোনও শাখায় স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি GATE বা NET উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর নির্ধারিত, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। আগ্রহীদের আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Jobs’ বিভাগ থেকে ‘Temporary Position’-এ প্রবেশ করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল। গবেষণার জগতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইলে এই সুযোগ হাতছাড়া না করাই বুদ্ধিমানের কাজ।