উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য বড় খবর। University Grants Commission (UGC) জুন ২০২৬ সেশনের জন্য নেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। ২৯ এপ্রিল থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে, যা চলবে ২০ মে পর্যন্ত।
এবারের বিশেষ আকর্ষণ-নতুন একটি বিষয় সংযোজন। রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স যুক্ত হওয়ায় এখন মোট ৮৬টি বিষয়ে পরীক্ষায় বসার সুযোগ মিলছে। এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
পরীক্ষাটি আয়োজন করবে National Testing Agency (NTA)। সূচি অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেশজুড়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শহর সংক্রান্ত তথ্য ১০ জুনের মধ্যে এবং অ্যাডমিট কার্ড ১৫ জুনের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ মিলবে ২২ থেকে ২৪ মে।
আবেদন করতে হলে পরীক্ষার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদন ফি হিসেবে সাধারণ ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য ১,১৫০ টাকা, অন্যান্য সংরক্ষিত শ্রেণির জন্য ৬০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৩২৫ টাকা নির্ধারিত হয়েছে।
প্রসঙ্গত, National Eligibility Test (UGC NET) বছরে দু’বার-জুন ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা উত্তীর্ণ হলে পাওয়া যায় জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) এবং দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করার যোগ্যতা। ক্যারিয়ারের পরবর্তী ধাপে এগোতে চাইলে সময় নষ্ট না করে এখনই আবেদন করুন।