উচ্চ মাধ্যমিকের ফলাফল শুধু পড়ুয়াদের জন্য নয়, এবার স্কুলগুলির জন্যও হয়ে উঠল আত্মসমীক্ষার হাতিয়ার। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ নতুন এক বিশ্লেষণী পদ্ধতি চালু করেছে-'বক্সপ্লট', যার মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ নিজেদের ফলাফল অন্য স্কুলের সঙ্গে তুলনা করে দেখতে পারবেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, প্রতিটি স্কুলের নিজস্ব পোর্টালে এই তথ্য উপলব্ধ থাকবে। সেখানে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট স্কুলের সামগ্রিক অবস্থান, বিষয়ভিত্তিক পারফরম্যান্স এবং তুলনামূলক চিত্র স্পষ্টভাবে দেখা যাবে।
'বক্সপ্লট' আসলে একটি পরিসংখ্যানভিত্তিক চিত্র, যা কোনও তথ্যের বিস্তার, মধ্যম মান এবং ব্যতিক্রমী ফলাফল বোঝাতে সাহায্য করে। যেমন একজন ছাত্র বা ছাত্রী পার্সেন্টাইল দেখে নিজের অবস্থান বুঝতে পারেন, তেমনই এবার স্কুলও জানতে পারবে তারা কোথায় দাঁড়িয়ে।
এই নতুন ব্যবস্থার বড় সুবিধা হল-স্কুলগুলি সহজেই বুঝতে পারবে কোন বিষয়ে বা কোন স্তরে ছাত্রছাত্রীদের দুর্বলতা রয়েছে। ফলে আগামী বছরগুলিতে সেই অনুযায়ী শিক্ষণপদ্ধতি বা প্রস্তুতিতে পরিবর্তন আনা সম্ভব হবে।
এছাড়া, এ বছর আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। যদি কোনও পরীক্ষার্থী নিজের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হন, তবে তিনি আগামী বছর আবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যদিও তাতে একটি বছর অপেক্ষা করতে হবে, সংসদ সূত্রে খবর-ভবিষ্যতে এই নীতিতেও পরিবর্তন আসতে পারে।