Calcutta Television Network

কিডনি ভালো রাখতে খুব বেশি জল খাচ্ছেন? জেনে নিন, ঠিক কতটা জল আপনার পান করা উচিত

 কিডনি ভালো রাখতে খুব বেশি জল খাচ্ছেন? জেনে নিন, ঠিক কতটা জল  আপনার পান করা উচিত
25 October 2026 • 11:22:17 am

কিডনি ভালো রাখতে জল পান করা অবশ্যই প্রয়োজন।  কিন্তু তাই বলে আপনি যত বেশি জল খাবেন,  আর কিডনি তত ভালো থাকবে, এমন ধারণা কিন্তু সঠিক  নয়। বরং শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল খেলে উপকারের পরিবর্তে অপকার হতে পারে। সেক্ষেত্রে রক্তে সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। তাই সুস্থ থাকতে জানতে হবে, দিনে ঠিক কতটা জল খাওয়া উচিত। 

সাধারণভাবে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে  প্রায় ২ থেকে ৩ লিটার তরল প্রয়োজন হতে পারে। তবে এই পরিমাণ নির্ভর করে আবহাওয়া, শারীরিক পরিশ্রম, ঘাম, খাদ্যাভ্যাস এবং শরীরের চাহিদার উপর। মনে রাখবেন, শুধু জল নয়, খাবার থেকেও শরীর কিছুটা জল পায়।

পর্যাপ্ত জল খেলে শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যেতে সাহায্য করে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমে। কিন্তু জোর করে অতিরিক্ত জল খেলে  কিডনির বিশেষ কোনও বাড়তি উপকার হয় না।  বরং ক্ষতি হয়। 

আবার  যাঁদের কিডনির দীর্ঘস্থায়ী অসুখ বা হৃদ্‌যন্ত্রের সমস্যা অথবা শরীরে জল জমার প্রবণতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে কিন্তু  জল খাওয়ার পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত ।   কারও কারও ক্ষেত্রে অতিরিক্ত জল খাওয়া ক্ষতিকরও হতে পারে। তাই কিডনি ভালো রাখার জন্য অতিরিক্ত জল খাওয়া নয়, বরং শরীরের প্রয়োজন অনুযায়ী তা নির্ধারণ করা উচিত।