Calcutta Television Network

আপনার লিভার ক্যান্সার হয়েছে কি না, কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

আপনার লিভার ক্যান্সার হয়েছে কি না, কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?
26 October 2026 • 03:27:11 pm

লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শরীর থেকে ক্ষতিকর পদার্থ দূর করা, হজমে সাহায্য করা এবং পুষ্টি সঞ্চয়ের মতো নানা কাজ করে লিভার। কিন্তু এই গুরুত্বপূর্ণ অঙ্গেই বাসা বাঁধতে পারে মারণরোগ ক্যান্সার। প্রশ্ন হলো, কী কী উপসর্গ দেখলে লিভার ক্যান্সার সম্পর্কে সতর্ক হবেন?

লিভার ক্যান্সারের প্রথম দিকে  অনেক সময় স্পষ্ট কোনও উপসর্গ দেখা যায় না। রোগ বাড়ার সঙ্গে সঙ্গে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে। যেমন, অকারণে ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, অল্প খেয়েই পেট ভরে যাওয়া এবং দীর্ঘদিন ধরে ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা। পেটের ডানদিকের ওপরের অংশে ব্যথা, পেট ফুলে যাওয়া এগুলো কিন্তু সতর্কতার সংকেত হতে পারে।  

এ ছাড়া চোখের সাদা অংশ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং গাঢ় হওয়া, বমি বমি ভাব এবং কখনও কখনও জ্বর দেখা দিতে পারে।  তবে এসব উপসর্গ লিভারের অন্যান্য রোগের কারণেও হতে পারে, তাই এই উপসর্গগুলি দেখা দিলেই যে লিভার ক্যান্সার হয়েছে, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। তবে সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।