Calcutta Television Network

নভেম্বরেই আবেদনের শেষ তারিখ! ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি পেতে কী করবেন?

নভেম্বরেই আবেদনের শেষ তারিখ! ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি পেতে কী করবেন?
7 November 2026 • 01:56:36 pm

 চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! এবার ব্যাঙ্ক অফ বরোদায় ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৮০৫টি ম্যানেজার পর্যায়ের শূন্যপদে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট bankofbaroda.bank.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর ২০২৬।

 প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ হেড বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-২ পদে রয়েছে ৮টি শূন্যপদ। হেড ইনভেস্টমেন্ট বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-২ পদে নিয়োগ করা হবে ১ জনকে। টেরিটরি হেড বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-১ পদে রয়েছে ৩৫টি শূন্যপদ। এছাড়া ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-১ পদে নিয়োগ করা হবে।

 প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে ব্যাঙ্কের প্রকাশিত বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়া জরুরি।

 নিয়োগের ক্ষেত্রে প্রথমে আবেদনপত্র যাচাই করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী অনলাইন পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা অথবা অন্য কোনও পরীক্ষা নেওয়া হতে পারে। সবশেষে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে। ইন্টারভিউতে প্রার্থীদের ব্যক্তিত্ব, যোগাযোগের দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, নতুন চিন্তাভাবনা এবং কাজের প্রতি আগ্রহ যাচাই করা হবে।

 আবেদনমূল্য হিসেবে সাধারণ, ওবিসি এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের দিতে হবে ৮৫০ টাকা। অন্যদিকে, তফসিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১৭৫ টাকা।

 ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। শেষ তারিখ ২৪ নভেম্বর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।