সাংবাদিকতা নিয়ে উচ্চশিক্ষা করেছেন এবং শিক্ষাক্ষেত্রে কাজ করতে চান? তাঁদের জন্য বড় সুযোগ এনে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে অতিথি শিক্ষক (গেস্ট ফ্যাকাল্টি) নিয়োগ করা হবে।
নিযুক্ত প্রার্থীদের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের পড়াতে হবে। এই কাজের জন্য ঘণ্টাপিছু ৫০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। অর্থাৎ নির্দিষ্ট সময় অনুযায়ী ক্লাস নেওয়ার ভিত্তিতেই পারিশ্রমিক নির্ধারণ করা হবে।
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের পিএইচডি অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) কিংবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ এপ্রিল দুপুর ১টা-য় নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। সেই দিন আবেদনপত্র, জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নথি সঙ্গে নিয়ে যেতে হবে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় নথির তালিকা এবং অন্যান্য শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে (https://jadavpuruniversity.in/) গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।