সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে জীবন বিমা কর্পোরেশন। সংস্থার গৃহঋণ প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।
এই পদে আবেদন করতে হলে সাধারণ প্রার্থীদের স্নাতকে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ স্নাতক বা স্নাতকোত্তর হলেই আবেদন করা যাবে।
ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভদের অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নির্ধারিত টার্গেট পূরণ করার প্রমাণ দেখাতে হবে।
ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২১ থেকে ২৮ বছর।
প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হয়, যা সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক এবং ইংরেজি ভাষায় হয়। পরীক্ষার সময় ২ ঘণ্টা এবং মোট নম্বর ২০০।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য। এরপর হয় মেডিক্যাল পরীক্ষা। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হয় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে।
এবার বলি, সিলেবাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলি- ইংরেজি ভাষা (কম্প্রিহেনশন, ভোকাবুলারি, ত্রুটি সংশোধন), লজিক্যাল রিজনিং (পাজল, সিরিজ, সিদ্ধান্ত গ্রহণ), সাধারণ জ্ঞান (কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাঙ্কিং, অর্থনীতি), নিউমেরিক্যাল এবিলিটি ও কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড (লাভ-ক্ষতি, সময়-দূরত্ব, সুদ ইত্যাদি)। প্রতিটি বিষয়ে ৫০ নম্বর করে, মোট ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।
নিযুক্ত প্রার্থীরা ভাতা-সহ আনুমানিক প্রতি মাসে ৫৩,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।