চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-তে স্পেশ্যালিস্ট অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে মোট ৭৭টি শূন্যপদ পূরণ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদের মধ্যে ১৭টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ইঞ্জিনিয়ার (ফায়ার) এবং ৬০টি ম্যানেজার (সিকিউরিটি) ও ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) পদ রয়েছে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ইঞ্জিনিয়ার (ফায়ার) পদে আবেদনের জন্য প্রার্থীদের নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ফায়ার বিষয়ে বি.ই. ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও ফায়ার সেফটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য বিষয়ে নির্দিষ্ট স্বীকৃত ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
অন্যদিকে, ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন।
দুটি পদের নিয়োগ প্রক্রিয়াও আলাদা। প্রার্থী বাছাইয়ের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।
আবেদনমূল্য হিসাবে সাধারণ, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি এবং ওবিসি প্রার্থীদের ৭৫০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের কোনও আবেদনমূল্য লাগবে না।
আবেদনের জন্য প্রথমে এসবিআইয়ের সরকারি ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে 'কেরিয়ার' বিভাগে প্রবেশ করতে হবে। এরপর সংশ্লিষ্ট নিয়োগের 'অ্যাপ্লাই অনলাইন' লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। লগ-ইন করে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় তথ্য ও নথি জমা এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে। সবশেষে আবেদনপত্র জমা দিয়ে তার প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।