Calcutta Television Network

সুপ্রিম কোর্টে ১৩০ পদে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন? জেনে নিন যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ

সুপ্রিম কোর্টে ১৩০ পদে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন? জেনে নিন যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ
5 November 2026 • 08:53:40 am

 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় জুনিয়র কোর্ট অ্যাটেনড্যান্ট পদে মোট ১৩০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা সুপ্রিম কোর্টের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নীচে আবেদনের লিঙ্কটি দিয়ে দেওয়া হল। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর, ২০২৬। এখানে বলে রাখা আবশ্যক, আবেদনকারীকে সকল তথ্য পড়ে ভালোভাবে বুঝে আবেদন করাই শ্রেয়, অযথা তাড়াহুড়োতে আবেদন করতে গিয়ে কোনও ভুল হলে পরে সমস্যা হতে পারে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি এবং সর্বোচ্চ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ১ অক্টোবর, ২০২৬ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, বিশেষ ভাবে সক্ষম এবং প্রাক্তন সেনাকর্মীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এবার বলি, পরীক্ষার ধরণ-ধারণ, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ... নিয়োগের জন্য প্রথমে হবে অনলাইন পরীক্ষা।

বহুনির্বাচনী পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সময় দেড় ঘণ্টা। চারটি বিভাগে ২৫ নম্বর করে প্রশ্ন থাকবে। বিভাগগুলি হল সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি, সংখ্যাগত দক্ষতা, সাধারণ ইংরেজি এবং সাধারণ জ্ঞান। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

এরপর নথি যাচাইয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সাধারণ শ্রেণির প্রার্থীদের দিতে হবে ১,৫০০ টাকা। অন্যদিকে, সংরক্ষিত শ্রেণি, প্রাক্তন সেনাকর্মী এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা। অতিরিক্ত ব্যাঙ্ক চার্জ প্রযোজ্য।  

 এবার বলি, কীভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীদের সুপ্রিম কোর্টের সরকারি ওয়েবসাইট sci.gov.in-এ গিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে প্রিন্টআউট নিজের কাছে রাখতে হবে।

ভবিষ্যতে কোনও রকম সমস্যা এড়াতে সকল ডকুমেন্ট নিজের কাছে রাখাই শ্রেয়। আর আবেদনের শেষ তারিখের কিছুদিন আগেই আবেদন করে নেওয়া বুদ্ধিমানের কাজ। পরে যান্ত্রিক গোলযোগ দেখা দিলেও কোনও রকম সমস্যায় পড়তে হবে না, আবেদনকারীকে।