পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্যতম বিখ্যাত তীর্থস্থান তারাপীঠ। দ্বারকা নদীর তীরে অবস্থিত এই মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন পৌরাণিক কাহিনি, তন্ত্রসাধনার ইতিহাস এবং নানা লোকবিশ্বাস।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, সতীর দেহত্যাগের পর মহাদেব যখন তাঁর দেহ নিয়ে তাণ্ডব শুরু করেছিলেন, তখন বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়। প্রচলিত বিশ্বাস যে, সতীর তৃতীয় নয়ন বা চোখের অংশ তারাপীঠে পড়েছিল। যদিও তারাপীঠ শক্তিপীঠ কি না, তা নিয়ে মতভেদ রয়েছে।
আরও একটি প্রচলিত কাহিনি অনুযায়ী, মহর্ষি বশিষ্ঠ এখানে দেবী তারার আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। দেবী তারা মহাদেবকে মাতৃরূপে স্তন্যপান করিয়ে তাঁর বিষজ্বালা প্রশমিত করেছিলেন,মন্দিরের বিগ্রহে সেই মাতৃরূপেরই প্রকাশ আমরা দেখতে পাই ।
আবার তারাপীঠের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন সাধক বামাক্ষ্যাপা। মা তারার প্রতি তাঁর গভীর ভক্তি ও সাধনার কাহিনি আজও ভক্তদের আকৃষ্ট করে। মন্দিরের পাশের মহাশ্মশানও এই তীর্থস্থানের বিশেষ পরিচয়। আসলে তারাপীঠের রহস্য কেবল অলৌকিক নয়, বরং ইতিহাস, লোকবিশ্বাস, এবং মাতৃভক্তির অপূর্ব মেলবন্ধন। তাই আজও ভক্তদের মুখে ধ্বনিত হয় একটাই উচ্চারণ— জয় তারা!