সে অনেক কাল আগের কথা। ত্রেতাযুগের সেই সুন্দর সময়ে মিথিলা ছিল আনন্দময় জায়গা। মিথিলার রাজা ছিলেন জনক। তিনি যেমন প্রজাবৎসল ছিলেন, তেমনই ছিলেন বিদগ্ধ পণ্ডিত। রাজার এক ফুটফুটে আদুরে মেয়ে ছিল, নাম সীতা। সে ছিল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী।
সীতা যখন বড় হল, রাজা জনক তখন তাঁর বিয়ের কথা ভাবলেন। কিন্তু কার সাথে বিয়ে দেবেন? জনক রাজা প্রতিজ্ঞা করলেন, এমন এক বীর পাত্র চাই যাঁর বাহুতে পাহাড়ের মতো বল আছে, আর মনে আছে সততা। মিথিলার রাজপ্রাসাদে রাখা ছিল এক বিশাল ধনুক। এটি স্বয়ং দেবাদিদেব মহাদেবের ধনুক, যার নাম ‘হরধনু’। এই ধনুকটি এত ভারী ছিল যে দেবতারাও তুলতে পারতেন না! জনক মহারাজ ঘোষণা করলেন-যে বীর এই হরধনু তুলে তাতে গুণ পরাতে পারবে, তাঁর সঙ্গেই সীতার বিয়ে হবে।
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে, দেশ-বিদেশের রাজারা এলেন মিথিলা নগরীতে। কেউ সোনার রথে চড়ে, কেউ তলোয়ার কোমরে গুঁজে বুক ফুলিয়ে সভায় ঢুকলেন। সবার মনে একটাই আশা, আজই তাঁরা ওই শিবধনুক ভাঙবেন আর সীতাকে বউ করে ঘরে নিয়ে যাবেন। রাজদরবারে বিশাল এক মঞ্চে রাখা ছিল সেই হরধনু। একে একে সব মহারাজা এলেন। কেউ ধনুকটি এক ইঞ্চিও নড়াতে পারলেন না। কেউ একটু তুললেন তো ভার সামলাতে না পেরে উপুড় হয়ে পড়ে গেলেন! বড় বড় বীরেরা ঘাম মুছতে লাগলেন। অহংকার রাজাদের মুখ তখন লজ্জায় লাল। রাজা জনক দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, তবে কি মিথিলার রাজকুমারীকে বিয়ে করার মতো সেরকম কোনো বীর রাজা নেই?
ঠিক সেই মুহূর্তে সবার নজর গেল সভার এক কোণে বসা দুই তরুণ রাজকুমারের দিকে। তাঁরা হলেন অযোধ্যার রাজকুমার রাম ও তাঁর ছোট ভাই লক্ষ্মণ। সঙ্গে রয়েছেন তাঁদের গুরু মহর্ষি বিশ্বামিত্র। গুরু বিশ্বামিত্র রামের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, "বৎস রাম, যাও একবার চেষ্টা কর।"
গুরুর কথা শুনে রাম বিনীতভাবে মাথা নত করলেন। তাঁর মুখে কোনো অহংকার ছিল না, ছিল কেবল শান্ত এক স্নিগ্ধ হাসি। রাম ধীর পায়ে এগিয়ে গেলেন সেই প্রকাণ্ড শিবধনুকের কাছে। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সকলের মনে একটাই প্রশ্ন- শ্রীরামচন্দ্র কি পারবেন হরধনুকে তুলতে?
শ্রীরামচন্দ্র তো সাধারণ কেউ নন, স্বয়ং বিষ্ণুর অবতার। তিনি হাত জোড় করে মনে মনে মহাদেবকে প্রণাম করলেন। তারপর দুই আঙুলে অত্যন্ত অবলীলায়, যেন কোনো ফুল তুলে নিচ্ছেন, এমন সহজে সেই বিশাল হরধনু তুলে নিলেন। চারপাশের মানুষ তখন পলক ফেলতে ভুলে গেছে। রাম হাসিমুখে ধনুকের গুণ পরিয়ে টানতে গেলেন। আর অমনি মেঘের গর্ঞ্জনের মতো বিকট শব্দে ফেটে টুকরো টুকরো হয়ে গেল সেই হরধনু! মিথিলার আকাশ-বাতাস কেঁপে উঠল জয়ধ্বনিতে। আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন।
সীতা লজ্জায় ও আনন্দে চোখ নিচু করলেন। তাঁর হাতে থাকা ফুলের মালাটি তিনি এগিয়ে দিলেন রামের গলায় পরিয়ে দিতে। বিয়ে হল শ্রীরাম ও মাতা সীতার। তাঁরা ফিরে এলে আনন্দযজ্ঞ শুরু হল গোটা অযোধ্যা জুড়ে।