কুবের হলেন হিন্দুধর্মের ধনের দেবতা এবং যক্ষ নামক উপদেবতাদের রাজা। তিনি উত্তর দিকের রক্ষক এবং পৃথিবীর অন্যতম রক্ষাকর্তা হিসেবেও পূজিত হন। তাঁকে 'ধনের প্রভু' বা 'বিশ্বের ধনাধ্যক্ষ'হিসেবে বর্ণনা করা হয়েছে। কেন কুবের ১টি চোখ,৩টি পা ও ৮টি দাঁত বিশিষ্ট এই অদ্ভুত দেখতে হলেন? কিভাবেই বা তিনি ধনের দেবতা হলেন? আজ জানাব সেই তথ্য়।
পুরাণের বর্ণনা অনুসারে, ঋষি পুলস্ত্যের পুত্র হলেন বিশ্রবা মুনি। ঋষি ভরদ্বাজ মহর্ষি বিশ্রবার যোগবল ও তপস্যায় মুগ্ধ হয়ে নিজের কন্যা ইলাবিদাকে তাঁর সাথে বিবাহ দেন। ঋষি বিশ্রবা ও ইলাবিদার ঘরে কুবেরের জন্ম হয়। ১টি চোখ,৩টি পা ও ৮টি দাঁত বিশিষ্ট অদ্ভুত দর্শনের শিশুকে দেখে ঋষি বিশ্রবা বিমর্ষিত হলেন। যোগবলে বিশ্রবা জানলেন পুর্ব জন্মে শিব পার্বতীর অভিশাপের ফলে এরূপ বিদঘুটে চেহারা হয়েছে। অদ্ভুত দৈহিক গঠনের জন্যই তাঁর নাম হয় কুবের। কুবের শব্দের একটি অর্থ হলো 'কুৎসিত শরীর'। কুবেরের শারীরিক গঠনের জন্যই দেবতারা তাঁকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগল। অপমানের হাত থেকে রক্ষা পেতে কুবের ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য দশ হাজার বছর ধরে জলে মাথা ডুবিয়ে তপস্যায় মগ্ন হলেন। তপস্যায় ফল না পেয়ে তিনি পঞ্চাগ্নির কেন্দ্রে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা কতে লাগলেন। তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা কুবেরকে বর দিয়ে তাকে ব্রহ্মাণ্ডের রক্ষক এবং সমস্ত সম্পদের রক্ষক করে দিলেন। ব্রহ্মা কুবেরকে ধন-সম্পদ - শঙ্ক নিধি এবং পদ্মনিধি এবং বাহন হিসাবে পুষ্পক রথ দান করলেন। সেই সাথে ব্রহ্মা তাকে অষ্ট দিক পালকদের একজন হিসাবে নিযুক্ত করলেন।
খুশি হয়ে পিতা বিশ্রবা তাঁর পুত্রের বসবাসের জন্য একটি নগর নির্মাণের পরিকল্পনা করলেন। পৌরাণিক কাহিনী অনুসারে, লঙ্কাপুরী নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। শিবপুরাণ মতে, মহাদেবের আদেশে এবং দেবী পার্বতীর জন্য সমুদ্রের মাঝে ত্রিকুটাচল পর্বতের ওপর এই স্বর্ণনগরী নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে মহাদেব এটি ঋষি বিশ্রবার প্রতি দক্ষিণাস্বরুপ দিয়েছিলেন, পরবর্তীতে বিশ্রবার পুত্র ধনদেবতা কুবের এই লঙ্কার অধিপতি হন।