Calcutta Television Network

শুধু ধন বৃদ্ধি নয়, অকাল মৃত্যু রোধে ধনতেরাসে কি করবেন? শাস্ত্রের ব্যাখ্যা কী?

শুধু ধন বৃদ্ধি নয়, অকাল মৃত্যু রোধে ধনতেরাসে কি করবেন? শাস্ত্রের ব্যাখ্যা কী?
3 November 2026 • 01:25:06 pm

ভারতীয় হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র ও সংস্কৃতি অনুসারে ধনতেরাসের দিন সোনা কেনার প্রথা রয়েছে। এই দিন সোনা কেনা অত্যন্ত শুভ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর পূণ্য তিথিতে পালিত এই উৎসবের দিনে মূল্যবান ধাতু ঘরে আনাকে  পবিত্র ঐতিহ্য হিসেবে গণ্য করা হয়। এছাড়াও অভিশাপ খন্ডন করে অকাল মৃত্যুর হাত থেকে ভক্তকে রক্ষাও করেন।

হিন্দু পৌরাণিক কাহিনী ও প্রচলিত উপকথা অনুসারে  রাজা হিম যখন তাঁর পুত্রের কোষ্ঠী বা ঠিকুজী গণনা করান, তখন জ্যোতিষীরা জানান যে বিয়ের চতুর্থ রাতে ঘুমিয়ে পড়লেই এক বিষধর সাপের দংশনে রাজপুত্রের মৃত্যু হবে। এই কথা শুনে রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। বুদ্ধিমান রাজা হিম বিচলিত না হয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করার উপায় খুঁজতে লাগলেন। বিধাতার বিধান ও নিয়তিকে মেনে রাজপুত্রের বয়স যখন ১৬ বছর হয়, তখন এক অতি বুদ্ধিমতী ও গুণবতী রাজকন্যার সাথে তাঁর বিয়ে দেওয়া হয়।  বিয়ের পরেই রাজবধূ স্বামীর এই আসন্ন বিপদের কথা জানতে পারেন। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, বিয়ের ঠিক চতুর্থ রাতে,সে দিন ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। বুদ্ধিমতি নববধু রাজ প্রসাদের চারিদিকে আলোক মালায় সাজিয়ে তুললেন।  রাজপুত্র ও রাজবধুর শয়নকক্ষের প্রবেশদ্বারে নিজের সমস্ত সোনা, রুপো এবং হিরে-জহুরতের গয়না ও মুদ্রা স্তূপাকার করে সাজিয়ে রাখেন,সেই সাথে নিজেও প্রচুর অলংকারে সাজেন। এর পাশাপাশি পুরো ঘর ও প্রবেশপথ অসংখ্য প্রদীপের আলোয় আলোকিত করে তোলেন। রাজবধূ তাঁর স্বামীকে ঘুমাতে না দিয়ে জাগিয়ে রাখার ব্যবস্থা করেন।

স্বামীকে জাগিয়ে রাখতে সারা রাত ধরে মধুর সুরে গান গাইতে লাগলেন এবং একাধিক গল্প বলতে শুরু করেন। নির্দিষ্ট সময়ে মৃত্যুর দেবতা যমরাজ রাজপুত্রের প্রাণ হরণ করতে একটি বিশাল বিষধর সাপের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হন। কিন্তু রাজপ্রাসাদের শয়নকক্ষের দরজায় রাখা সোনা-দানা আর প্রদীপের তীব্র ঝলকানিতে তাঁর চোখ ধাঁধিয়ে যায়। তিনি  ঘরে রাজপুত্রের কাছে পৌঁছাতে না পেরে সেই সোনার স্তূপের ওপর গিয়ে বসেন। সেখানে বসে রাজবধূর অপূর্ব গান এবং গল্প শুনতে থাকেন। রাজবধুর গানও গল্প শুনে যমরাজ এতটাই মোহিত হয়ে যান যে তিনি সময়ের হিসাব ভুলে রাজপুত্রের প্রাণ হরণ করতে ভুলে যান। সকাল হয়ে যাওয়ায় কাজ অসম্পূর্ণ রেখেই যমরাজ ফিরে  যান। রাজবধুর বুদ্ধিমত্ত্বায় রাজপুত্রের প্রাণ বেঁচে যায়। পরদিন সেই আনন্দে ধনতেরাস পালন শুরু হয়।

অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে এবং সুখ-সমৃদ্ধি কামনায় ধনতেরাসের দিন ঘর প্রদীপের আলোয় সাজানো এবং সোনা-রুপো বা ধাতু কেনার প্রথা চালু হয়, যা সেই প্রাচীন কাল থেকে আজ অবধি উদযাপিত হয়ে আসছে।