ভাইফোঁটা হলো হিন্দু সনাতন ধর্মের বাঙালি সংস্কৃতিতে ভাই ও বোনের পবিত্র ভালোবাসা, স্নেহের অটুট বন্ধনের একটি অন্যতম প্রধান উৎসব। এটি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়। বোনেরা ভাইয়ের কপালে চন্দন, দইয়ের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। পৌরাণিক কাহিনী অনুসারে, এই তিথিতে দেবী যমুনা তার ভাই যমরাজকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে আদর আপ্যায়ন করে কপালে ফোঁটা দিয়েছিলেন। সেই থেকেই এই উৎসবের প্রচলন শুরু বলে মনে করা হয়।
ভাইফোঁটার নিয়ম অনুযায়ী, দিদি বা বোনেরা তাঁদের ভাইয়ের কপালে সাধারণত বাঁ হাতের কনিষ্ঠা বা কড়ে আঙুল দিয়ে ফোঁটা দেন। তবে উৎসবের রীতি বা শাস্ত্রীয় মতভেদে অনামিকা আঙুল ব্যবহারের কথাও কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে। প্রচলিত বাঙালি রীতি ও এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ শাস্ত্রের ব্যাখ্যা। আজ জানাব সেই তথ্য।
দিদি তাঁর ছোট ভাইকে ফোঁটা দেওয়ার সময় মূলত বাঁ হাতের কনিষ্ঠা বা কড়ে আঙুল ব্যবহার করেন। জ্যোতিষ শাস্ত্রমতে হাতের কড়ে আঙুল নির্দেশ করে বুধ গ্রহকে, গ্রহ হিসাবেও বুধ ছোট,তাই স্নেহ ও ভালবাসা বোঝাতে কনিষ্ঠা আঙুল ব্যহার করা হয়। আবার আধ্যাত্মিক দিক থেকে কনিষ্ঠা আঙুলকে মহাশূন্যের বা অনন্তের প্রতীক মনে করা হয়, যা ভাইয়ের দীর্ঘ জীবন এবং রোগ-ব্যাধি মুক্ত থাকার কামনার সঙ্গে যুক্ত।
বোন তার বড় দাদাদের ফোঁটা দেওয়ার ক্ষেত্রে অনামিকা আঙুল ব্যবহার করে। জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা মতে অনামিকা আঙুল সূর্য গ্রহকে নির্দেশ করে। শাস্ত্রীয় ব্যাখ্যায় বলা হয় সূর্য হল আকারে বৃহৎ এবং পিতার মত,সেই সাথে সমস্ত শক্তির উৎস। বোন যদি অনামিকা আঙুলে ফোঁটা দেয় তবে দাদা সূর্যের মত তেজস্বী হবে ও পিতার মত স্মেহশীল হয়ে বোনেদের রক্ষা করবেন বলে বিশ্বাস করা হয়।
প্রসঙ্গতঃ ফোঁটা দেওয়ার মিশ্রণে সাধারণত চন্দন, দই ও কাজলের ব্যবহার করা হয়। কপালে মোট তিনবার ফোঁটা দেওয়া হয়। প্রথমে ভাইয়ের কপালে, এরপর প্রচলিত বিশ্বাস অনুযায়ী দুই কানের লতিতে এবং সবশেষে কন্ঠনালিতে সামান্য ছোঁয়াতে হয়।