রামায়ণের অন্যতম প্রধান চরিত্র সীতাদেবী। তিনি ভগবান রামচন্দ্রের স্ত্রী এবং আদর্শ নারী হিসেবে পরিচিত। কিন্তু জানেন কি, সীতাদেবীর জন্ম সাধারণ মানুষের মতো হয়নি? তাঁর জন্মকে ঘিরে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনি ও বিশ্বাস।
বাল্মীকির রামায়ণে বলা হচ্ছে, মিথিলার রাজা জনক একবার যজ্ঞের উদ্দেশ্যে জমি চাষ করার সময় লাঙলের ফলা দিয়ে মাটি খুঁড়তে গিয়ে একটি কন্যাশিশুকে খুঁজে পান। সেই শিশুকেই তিনি নিজের কন্যা হিসেবে গ্রহণ করেন। লাঙলের ফলাকে সংস্কৃতে ‘সীতা’ বলা হয়। সেই কারণেই শিশুটির নাম রাখা হয় সীতা। রাজা জনকের কন্যা হিসেবে তিনি পরিচিত হন জানকী নামেও। আর মিথিলার রাজকন্যা হওয়ায় তাঁর আরেক নাম মৈথিলী।
তবে সীতাদেবীর জন্ম নিয়ে আরও কিছু পৌরাণিক আখ্যান আমরা পেয়ে থাকি । আমরা দেখতে পাই যে, কোথাও তাঁকে দেবী লক্ষ্মীর অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে, আবার কোথাও তাঁর জন্মের সঙ্গে রাবণের পরিবারের সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে। তবে এই কাহিনিগুলি মূল বাল্মীকি রামায়ণের বিবরণের সঙ্গে এক নয়। তাই, সীতাদেবীর জন্মের সবচেয়ে পরিচিত কাহিনি এটাই বলা যায় যে, রাজা জনক তাঁকে লাঙল দিয়ে জমি চাষ করার সময় মাটির বুক থেকে খুঁজে পেয়েছিলেন।