Calcutta Television Network

উত্তরবঙ্গের মাসান ঠাকুর, দেবতা না অপদেবতা?

উত্তরবঙ্গের মাসান ঠাকুর, দেবতা না অপদেবতা?

14 October 2025 , 07:23:31 pm

উত্তরবঙ্গের লোকবিশ্বাসে দেবী কালীর এক ভয়ঙ্কর লৌকিক সন্তান ‘মাসান ঠাকুর’। যাঁকে তুষ্ট না রাখলে আসে সর্বনাশ। মায়ের মতোই এই সন্তানও পুজো পান বিশেষ দিন শনিবার, মঙ্গল অথবা অমাবস্যায়। মাসানকে প্রেত দেবতা বা অপদেবতা হিসেবেও পুজো করা হয়। শুধু ভাদ্র মাস নয়, কোথাও কোথাও দীপান্বিত অমাবস্যাতেও তাঁর আরাধনা দেখা যায়।

লোককথা অনুযায়ী, 'নাচিতে নাচিতে কালী, চুইয়া পড়ে ঘাম, তাতে সৃষ্টি হইল এ জলা মাসান।' ধর্মবিশ্বাসে বলা হয়, স্নানরত কালীকে দেখে ধর্মঠাকুর উত্তেজিত হয়ে নদীতে ধাতুর স্খলন হয়। সেই নদীতেই জন্মগ্রহণ করেন মাসান। অনেক ক্ষেত্রে মাছকে তাঁর সহচর হিসেবে মানা হয়। রাজবংশীদের একাংশের বিশ্বাস, কালীর ১৮ সন্তানের মধ্যে মাসান জ্যেষ্ঠ।

মাসান দেবতার চেহারা বিকট কোথাও বুকেই চোখ, মুখ, প্রলম্বিত জিহ্বা; কোথাও শূকর-পৃষ্ঠে বা মাছের পিঠে। মাসানের পুজো ভক্তির চেয়ে ভয়ের ওপর বেশি নির্ভর করে। তিনি অপরাধ বা অন্যায়ের জন্য মানুষের উপর ভর দেন। মাসান পুজোর সময় সাধারণত ১৮ প্রকার পুজো অনুষ্ঠিত হয়।

মাসানের ১৮ রূপের কিছু বর্ণনা দেওয়া হল- বাড়ীকা মাসান বাঁশবন বা জঙ্গলে বাস করেন। কুহুলীয়া মাসান গাছে বাস করেন, কোকিলের মতো ডাক দেন; সাড়া দিলে বিপদ আসে। নাঙ্গা মাসান সর্বদা উলঙ্গ, দর্শন মাত্রই মৃত্যু হতে পারে। কাল মাসান শ্মশানে অবস্থান করেন ইনি। বিষুয়া মাসান ভর দিলে মানুষের সর্বাঙ্গে বিষময় বেদনা দেয়। এবার বলি অন্যান্য কিছু রূপের কথা- চালান, বহিতা, ভুলা, ড্যামশা, অঙ্গিয়া, ছলনার, ন্যাড়া, কলি মাসান। 

মাসানের কোপে আক্রান্ত ব্যক্তি অদ্ভুত সব নিয়ম পালন করেন। যেমন- উনুনের মাটি, কাঠকয়লা, দেওয়ালের কাঁকর খাওয়া, প্রস্রাব নিয়ন্ত্রণহীনতা, বিকট মাছ ধরার স্বপ্ন দেখা ইত্যাদি। আক্রান্তদের পরিবার শনি-মঙ্গলবারে বা অমাবস্যায় বড় করে পুজো দেন। উপকরণ হিসেবে ব্যবহৃত হয় চালভাজা, সাটিমাছ পোড়া, ঝাঁটার কাঠি, কলা, দুধ ও ঘি।

পুজোর শেষাংশে পাঠ করা হয় মাসান বাবার তুষ্টির মন্ত্র- 'নমঃ নমঃ মাসান দেব, নমঃ কালী পুত্র, কৃষ্ণ আদেশ পায়া, তোক করিম যে তুষ্ট।' মাসান ঠাকুর ভয়ঙ্কর হলেও লোকবিশ্বাসে তিনি অপরাধ ও অন্যায় রোধে, ঘরে শৃঙ্খলা ও সতর্কতা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখেন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN