ভারতীয় সনাতন ধর্মের পুরাণ ও জ্যোতিষ শাস্ত্র মতে, ধনত্রয়োদশীতে কুবের দেবের পূজার সাথে কিছু বিশেষ ধাতব দ্রব্য কেনার প্রচলন রয়েছে। শাস্ত্রীয় ব্যাখ্য়া ও প্রচলিত লোক বিশ্বাস মতে এই তিথিতে কোন ধাতুর বস্তু কিনলে ভাগ্যের উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়।
১) পৌরাণিক কাহিনী অনুসারে, সমুদ্র মন্থনের সময় এই কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথিতেই আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরি হাতে একটি ধাতব কলসী বা ঘট নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাঁর হাতের সেই ধাতব পাত্রের স্মরণে এই দিনে বাড়িতে নতুন ধাতুর পাত্র বা বাসন কেনা অত্যন্ত শুভ মনে করা হয়। তাই এই তিথিতে ক্রয় করা ধাতুর পাত্র বা বাসনে রান্না করা খাবার খেলে নিরোগ,সুস্বাস্থ ও দীর্ঘায়ু লাভ করা যায়।
২) সমুদ্র মন্থন শেষে এই তিথিতে মা লক্ষ্মী তাঁর ঝাঁপিতে করে প্রচুর সোনা রূপার রত্ন ভান্ডার নিয়ে মর্ত্যে এসেছিলেন। সেই কথা স্মরণ করে সোনা,রূপা কেনা হয়। বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন সোনা বা রূপা কিনলে বাড়িতে দেবী লক্ষ্মী এবং ধনের দেবতা কুবেরের আগমন ঘটে। এতে সংসারে সুখ, সমৃদ্ধি এবং আর্থিক স্থায়িত্ব নিয়ে আসে। তাছাড়া সোনা ও রুপোকে দীর্ঘমেয়াদী সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। এই দিনে ধাতু ঘরে আনলে সারা বছর ঘরে ধন-ধান্যের অভাব হয় না এবং নেতিবাচক শক্তি দূর হয়।
৩) প্রাচীনকালে যখন আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ছিল না, তখন সম্পদ সঞ্চয়ের সেরা উপায় ছিল ধাতু কিনে রাখা। ব্যবসায়ীরা বছরের এই সময়ে তাঁদের হিসাব-নিকাশ শেষ করে নতুন বছরে ধাতুর মাধ্যমে সুরক্ষিত বিনিয়োগ করতেন। ধাতু অত্যন্ত স্থায়ী জিনিস। ধনতেরাসে ক্ষণস্থায়ী কিছু না কিনে স্থায়ী ধাতু কেনা হয়, যা বোঝায় যে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধিও স্থায়ী হবে।
আর্থিক সভ্গতি যদি কম থাকে, তবে সোনা-রুপো না কিনে একটি ছোট পিতল বা তামার প্রদীপ কিংবা স্টিলের চামচ বা পাত্র কিনেও আপনি এই নিয়মের সুফল পেতে পারেন। তবে খেয়াল রাখবেন, ধনতেরাসের দিন লোহা বা কাঁচের তৈরি জিনিস এবং ছুরি-কাঁচির মতো ধারালো বস্তু কেনা থেকে বিরত থাকুন।